বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
ছবি : সংগৃহীত
এই সরকার মব জাস্টিসকে সহ্য করবে না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেন, দুই বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্খিত ঘটনায় এরই মধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় তিনজন গ্রেফতার হয়েছে বলেও জানান তিনি। ১৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার ) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। আসিফ নজরুল বলেন, আগামী ১ অক্টোবর থেকে শুরু করে ৩১ ডিসেম্বরের মধ্যে রাষ্ট্র সংস্কারের ৬টি কমিটি সংস্কার সংক্রান্ত প্রতিবেদন জমা দেবে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান ছাড়াও প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারে প্রাধান্য দেবে কমিটি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আসিফ নজরুল জানান, ঢাবির ঘটনায় মর্মাহত। মব জাস্টিস এড়াতে যত রকম পদক্ষেপ নেয়া দরকার, নেয়া হবে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ্য করা হবে না। এর সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে মোবাইল চোর সন্দেহে তোফাজ্জলকে (৩০) পিটিয়ে হত্যার অভিযোগে ৪ জনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। আটককৃতরা হলেন- ছাত্রলীগের সদ্য পদত্যাগ করা উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল মিয়া (২৫); মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সুমন (২১); পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের মোত্তাকিন সাকিন (২১) এবং আল হোসাইন সাজ্জাদ (২২)।
Posted ১০:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh