বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪
ছবি : সংগৃহীত
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব শেখ আব্দুর রশীদকে দুই বছরের জন্য মন্ত্রিপরিষদ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। বর্তমান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৩ অক্টোবর। শেখ আব্দুর রশীদ তার স্থলাভিষিক্ত হবেন। ৮ অক্টোবর (মঙ্গলবার) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমীনের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী শেখ আব্দুর রশীদকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ২০২৪ সালের ১৪ অক্টোবর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। গত ১৮ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব হিসেবে আব্দুর রশীদ যোগ দেন। অবসরে থাকা এ কর্মকর্তাকে চুক্তিতে নিয়োগ দিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পদায়ন করা হয়েছিল।
Posted ১০:২৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh