নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
ছবি : সংগৃহীত
নিউইয়র্কের রাস্তায় বেপরোয়া গতিতে গাড়ি চালানো নিয়ন্ত্রণের উদ্দেশ্যে একটি নতুন আইন পাস হয়েছে। গত ২৬ মে মঙ্গলবার নিউইয়র্ক স্টেটের বাজেটের অংশ হিসেবে অনুমোদিত এই আইনের অধীনে, সিটির সবচেয়ে বেশি আইন অমান্যকারী বা ‘সুপার স্পিডার’ চালকদের গাড়িতে বাধ্যতামূলকভাবে গতি নিয়ন্ত্রক ডিভাইস বা ‘স্পিড-লিমিটিং ডিভাইস’ বসানো হবে। কোনো চালক এক বছরে ১৬ বা ততধিক বার স্পিড ক্যামেরায় ধরা পড়লে তাকে জিপিএস প্রযুক্তিনির্ভর এই ডিভাইস গাড়িতে সংযুক্ত করতে হবে। এর ফলে চালকের পক্ষে যেখানে গাড়ির গতির যে স্পিড লিমিট রয়েছে তার চেয়ে বেশি গতিতে গাড়ি চালানো আর সম্ভব হবে না। স্টেট গভর্নর ক্যাথি হকুল বাজেটে স্বাক্ষরের এক বছর পর থেকে আইনটি কার্যকর হবে এবং এরপর থেকে আইন লঙ্ঘনের শাস্তি কার্যকর করা হবে।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে গভর্নর ক্যাথি হকুল বেপরোয়া চালকদের কড়া সতর্কবার্তা দিয়ে বলেন, আপনারা আমাদের আইন অমান্য করতে পারবেন না এবং শিশু, পথচারী ও অন্যান্য চালকদের জীবন ঝুঁকিতে ফেলতে পারবেন না, কারণ তাদের নিরাপদে থাকার অধিকার রয়েছে। নতুন এই আইনটি মূলত সিটির স্কুল জোনগুলোর স্পিড ক্যামেরা কর্মসূচির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
নিউইয়র্ক সিটির ৭৫০টি স্কুল জোনের ক্যামেরায় কোনো গাড়ি নির্ধারিত সীমার চেয়ে ঘণ্টায় ১০ মাইলের বেশি গতিতে চালানো হলে মালিকের ঠিকানায় সাধারণত ৫০ ডলারের জরিমানার নোটিশ পাঠানো হয়। ‘ট্রান্সপোর্টেশন অল্টারনেটিভস’-এর রিপোর্ট অনুযায়ী, জরিমানা সত্ত্বেও প্রায় ১৪ হাজার ৬০০ চালক বারবার এই আইন ভঙ্গ করেন। দেখা গেছে, এই আইন ভঙ্গকারীদের বেশিরভাগই বিএমডব্লিউ, মার্সিডিজ-বেঞ্জ ও আইডির মতো বিলাসবহুল গাড়ি ব্যবহার করেন।
নতুন আইনে স্পিড লিমিট ভঙ্গকারীদের জন্য বর্ধিত হারে জরিমানার বিধান রাখা হয়েছে। গাড়িতে ডিভাইস যুক্ত করার নির্দেশ অমান্য করলে চালকদের ১,৫০০ ডলার থেকে ২,৫০০ ডলার পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। বেঁধে দেওয়া সময়ের ৪৫ দিনের মধ্যে ডিভাইসটি গাড়িতে লাগানো না হলে মোটর ভেহিকেল বিভাগ সংশ্লিষ্ট গাড়ির নিবন্ধন বাতিল করতে পারবে।
এছাড়া ডিভাইসটি খোলার বা এর কার্যকারিতা নষ্ট করার চেষ্টা করলে জরিমানার পাশাপাশি এক বছরের জন্য গাড়ির নিবন্ধন স্থগিত রাখা হবে। নতুন এই আইনকে স্বাগত জানিয়েছেন ডার্নেল সিলি-ম্যাকক্রোরি নামের এক শোকাহত পিতা, যার ১৩ বছর বয়সী কন্যা নিয়েল ২০২৪ সালে এক বেপরোয়া চালকের গাড়ির ধাক্কায় নিহত হয়েছিল। তিনি স্বস্তি প্রকাশ করে বলেন, এই আইন কার্যকর করা হলে নিউইয়র্কের রাস্তা বেপরোয়া চালকদের হাত থেকে নিরাপদ হবে এবং তার মেয়ের মতো অন্য শিশুরা তাদের সুন্দর ভবিষ্যৎ উপভোগ করার সুযোগ পাবে।
Posted ১:০৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh