Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ব্রাজিলিয়ান কিংবদন্তি কার্লোস কি সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন?

স্পোর্টস ডেস্ক :   |   বুধবার, ১৯ আগস্ট ২০২৬

ব্রাজিলিয়ান কিংবদন্তি কার্লোস কি সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন?

রবার্তো কার্লোস। ছবি : সংগৃহীত

ব্রাজিলের ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এমন খবর ছড়িয়ে পড়েছে তুরস্কের কয়েকটি সংবাদমাধ্যমের বরাতে। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়। কারণ, কার্লোস নিজে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি।

তুরস্কের সংবাদমাধ্যম ‘হাবেরলার’ জানিয়েছে, প্রায় চার সপ্তাহ আগে ইসলাম গ্রহণ করেন ৫৩ বছর বয়সী কার্লোস। প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের পরিচিত ব্যক্তিত্ব শেখ জিহাদ হামাদার সঙ্গে সাক্ষাতের সময় শাহাদা পাঠ করে ইসলাম গ্রহণ করেন তিনি।

প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, শেখ জিহাদ হামাদার সঙ্গে বেশ কিছুদিন ধরেই যোগাযোগ ছিল কার্লোসের। প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলে তার সঙ্গে দেখা করেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। সেখানেই তিনি শাহাদা পাঠ করেন বলে দাবি করা হয়েছে।

তবে এখন পর্যন্ত কার্লোসের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফলে তার ইসলাম গ্রহণের খবরটি আপাতত নিশ্চিত তথ্য নয়, বরং বিভিন্ন সূত্রের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

কার্লোসের ইসলাম গ্রহণের খবরটি আরও ছড়িয়ে পড়ে তুরস্কের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সংসদ সদস্য আলি শাহিনের একটি পোস্টের পর।

‘এক্স’-এ দেওয়া পোস্টে শাহিন জানান, ব্রাজিল সফরের সময় তিনি দেশটির মুসলিম সম্প্রদায়ের কয়েকজন প্রতিনিধির সঙ্গে দেখা করেছেন। সাও পাওলোতে ব্রাজিলিয়ান চ্যারিটেবল ইউনিয়ন অব মুসলিম ইয়ুথ পরিদর্শনের সময় শেখ জিহাদ হামাদার সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। শাহিনের ভাষ্য অনুযায়ী, হামাদা মুসলিম বিশ্বের ৫০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় থাকা একজন।

শাহিন জানান, হামাদা তাকে বলেছেন, ব্রাজিল ও বিশ্ব ফুটবলের অন্যতম কিংবদন্তি রবার্তো কার্লোস দীর্ঘদিন ধরে তার সঙ্গে যোগাযোগ রাখছিলেন। প্রায় চার সপ্তাহ আগে কার্লোস তার সঙ্গে দেখা করেন এবং শাহাদা পাঠ করে ইসলাম গ্রহণ করেন।

এরপর কার্লোসকে অভিনন্দন জানিয়ে তার ও পরিবারের জন্য শান্তি, সুস্বাস্থ্য এবং বরকতময় জীবনের শুভকামনা জানান শাহিন।

কার্লোসের ইসলাম গ্রহণের খবরটি এমন সময় সামনে এসেছে, যখন মরক্কোর বংশোদ্ভূত সোহেইলা এল তাহিরির সঙ্গে তার বিয়ের ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সোহেইলা এল তাহিরি ফিফা লাইসেন্সধারী একজন খেলোয়াড় এজেন্ট। ফুটবলারদের পেশাগত ক্যারিয়ার ও বিভিন্ন ফুটবলভিত্তিক প্রকল্প নিয়ে কাজ করেন তিনি।

গত ১৭ আগস্ট তাদের বিয়ের কিছু ছবি নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে বিয়েটি সাম্প্রতিক নয়। এ সম্পর্কিত খবর প্রথম প্রকাশ্যে আসে চলতি বছরের জানুয়ারিতে। পরে ২৫ জুলাই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সীমিত পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।

প্রতিবেদন অনুযায়ী, কার্লোস ও এল তাহিরির পরিচয় শুরু হয়েছিল পেশাগতভাবে। পরে সেই সম্পর্ক ব্যক্তিগত সম্পর্কে রূপ নেয়। ফুটবলারদের ক্যারিয়ার ও ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনার বিভিন্ন প্রকল্পে তারা একসঙ্গে কাজও করছেন।

এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। কার্লোস ইসলাম গ্রহণ করেছেন, এমন দাবি করেছেন শেখ জিহাদ হামাদা। তার বক্তব্য প্রকাশ্যে এনেছেন তুরস্কের সংসদ সদস্য আলি শাহিন। তুরস্কের একাধিক সংবাদমাধ্যমও সেই দাবি প্রকাশ করেছে।

তবে কার্লোস নিজে এখনো বিষয়টি নিশ্চিত করেননি। তাই তার ধর্মান্তরের খবরের সত্যতা নিশ্চিত করার ক্ষেত্রে তার নিজের বক্তব্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে পরিচিত রবার্তো কার্লোস। রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল জাতীয় দলের হয়ে দীর্ঘ সাফল্যময় ক্যারিয়ারের পর তুরস্কের ফেনারবাচেতেও খেলেছেন তিনি। ব্যক্তিজীবন নিয়ে নতুন এই খবর তাই ফুটবল বিশ্বে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত কার্লোস ইসলাম গ্রহণ করেছেন, এমনটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

Posted ১০:১৮ পূর্বাহ্ণ | বুধবার, ১৯ আগস্ট ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.