বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪
সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। (ইনসেটে তার দুই ভাই)
মিথ্যা তথ্য দেওয়ায় সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের দুই ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ জোসেফের পাসপোর্ট বাতিল করা হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর পাসপোর্ট অধিদপ্তর তাদের পাসপোর্ট বাতিল করেছে। এর আগে জালিয়াতির অভিযোগে নির্বাচন কমিশন তাদের জাতীয় পরিচয়পত্র বাতিল করে। পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সেলিনা বানু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অধিদপ্তরের এক আদেশেই দুই ভাইয়ের পাসপোর্ট বাতিল করা হয়েছে।
তিনি আরও বলেন, হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ জোসেফ তাদের প্রকৃত নাম হলেও তারা তথ্য গোপন করে যথাক্রমে মোহাম্মদ হাসান ও তানভীর আহমেদ তানজীল নামে পাসপোর্ট নেন। এ দুটি পাসপোর্টের মেয়াদ ছিল ২০৩০ সাল পর্যন্ত। বাতিলের আদেশে বলা হয়েছে, অসত্য তথ্য দিয়ে পাসপোর্ট গ্রহণ করায় বাংলাদেশ পাসপোর্ট আদেশ ১৯৭৩ এর ৭(২)(খ) ক্ষমতা বলে বাতিল করার কথা বলা হয়েছে।
মোহাম্মদ হাসান নামে করা পাসপোর্টে জন্ম তারিখ দেওয়া হয়েছে ৬ জুন ১৯৬৬ সাল। ২০২০ সালের ২০ সেপ্টেম্বর ইস্যু করা এ পাসপোর্টের মেয়াদ ২০৩০ সালে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। অন্যদিকে তানভীর আহমেদ তানজীল নামে করা পাসপোর্টে জন্ম তারিখ দেওয়া হয়েছে ১৯৬৭ সালের ২৩ আগস্ট। ২০২০ সালের ৩ সেপ্টেম্বর ইস্যু করা এ পাসপোর্টের মেয়াদ ২০৩০ সালের ১ সেপ্টেম্বর পর্যন্ত।
হারিস নাম বদলে বানানো পাসপোর্টে পিতার নাম সোলায়মান সরকার এবং মায়ের নাম রাহেলা বেগম দিয়েছে। স্থায়ী ঠিকানা রয়েছে ঢাকার নূরজাহান রোডে আর ২৮ নম্বর বাড়ি। অন্যদিকে, জোসেফের নাম পরিবর্তন করে বানানো পাসপোর্টে পিতার নাম সোলায়মান সরকার থাকলেও মায়ের নাম ফাতেমা বেগম রয়েছে। আর ঠিকানা রয়েছে মিরপুর ডিওএইচএসের ২ নম্বর সড়কের একটি বাড়ির ফ্ল্যাট।
প্রকৃত অর্থে তাদের বাবার নাম আব্দুল ওয়াদুদ এবং মায়ের নাম রেনুজা বেগম। রেনুজা বেগম তার এ নাম দিয়ে জোসেফের সাজা মওকুফ করার জন্য আবেদন করেছিলেন। সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, হারিছ আহমেদ ২০১৪ সালে মিথ্যা তথ্য দিয়ে মোহাম্মদ হাসান নামে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়েছিলেন। ২০১৯ সালে তিনি এনআইডিতে নিজের ছবি পরিবর্তন করেন। আর তোফায়েল আহমেদ জোসেফ দুটি এনআইডি নেন। নিজের প্রকৃত নাম ছাড়াও মিথ্যা তথ্য দিয়ে তানভির আহমেদ তানজীল নামে আরেকটি এনআইডি নেন। তারা দুজনই দেশের বাইরে রয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবর।
Posted ১১:০৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh