বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ০৬ জুন ২০২৫
ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পর এবার পাকিস্তানের পাশে দাঁড়াল এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। দেশটির অর্থভাণ্ডার ও আর্থিক সংস্কারের লক্ষ্যে পাকিস্তানকে ৮০০ মিলিয়ন ডলার ঋণ মঞ্জুর করেছে এডিবি। তবে ভারতের কড়া আপত্তি সত্ত্বেও এই সহায়তা কার্যকর হয়েছে।
ভারত অভিযোগ করেছে, পাকিস্তান এই উন্নয়ন তহবিল সামরিক খাতে ব্যবহার করতে পারে এবং এতে ব্যাংকটির ঋণ ঝুঁকিও বাড়বে। নাম প্রকাশে অনিচ্ছুক দুই ভারতীয় কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানের কর-জিডিপি অনুপাত কমে যাওয়া, প্রতিরক্ষা ব্যয়ের অস্বাভাবিক বৃদ্ধি ও আর্থিক সংস্কারে দৃশ্যমান অগ্রগতির অভাব তাদের উদ্বেগের কারণ।
এর আগে পাকিস্তানকে আইএমএফের ২.৩ বিলিয়ন ডলারের বেলআউট দেওয়ার বিরোধিতাও করেছিল ভারত। এবারও এডিবির সহায়তা আটকে দেওয়ার চেষ্টা করলেও সফল হয়নি। ব্যাংকটি পাকিস্তানের আর্থিক স্থিতিশীলতা জোরদার ও জনসাধারণের আর্থিক ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে এই ঋণ অনুমোদন করে।
পিটিআই-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এডিবির ঋণ প্যাকেজের মধ্যে ৩০০ মিলিয়ন ডলারের নীতি-ভিত্তিক ঋণ (PBL) এবং ৫০০ মিলিয়ন ডলারের প্রোগ্রাম-ভিত্তিক গ্যারান্টি (PBG) অন্তর্ভুক্ত রয়েছে।
ভারত দাবি করেছে, পাকিস্তানের কর আদায় ২০১৮ অর্থবছরের জিডিপির ১৩% থেকে ২০২৩ সালে কমে ৯.২%-এ দাঁড়িয়েছে, যা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গড় ১৯%-এর তুলনায় অনেক কম। সেই সঙ্গে প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধি উদ্বেগ বাড়িয়েছে। ভারতের মতে, এডিবি ও আইএমএফের আগের অর্থায়ন যদি কার্যকর হতো, তাহলে পাকিস্তানকে এতবার বেলআউট প্রোগ্রামে যেতে হতো না।
ভারতের বক্তব্য, পাকিস্তানের অর্থনৈতিক ভঙ্গুরতা শুধু তাদের জন্য নয়, বরং এডিবির জন্যও ঋণ ঝুঁকি তৈরি করছে। তবে এসব যুক্তি আমলে না নিয়ে এডিবি পাকিস্তানকে সহায়তা প্রদান করেছে।
Posted ৯:১২ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৬ জুন ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh