বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩
ছবি : সংগৃহীত
আগামী ৩ নভেম্বর মুক্তি পাচ্ছে গুণী অভিনেত্রী সোহানা সাবা অভিনীত সিনেমা ‘অসম্ভব’। ছবিটি পরিচালনা করেছেন অরুণা বিশ্বাস। গতকাল বিকালে সিনেমাটি মুক্তি উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণে একটি সংবাদ সম্মেলনও অনুষ্ঠিত হয়েছে। এর আগে বিজয়া দশমীর দিনে ঢাকেশ্বরী মন্দিরে হাজির হয়েছিলেন সিনেমার নির্মাতা ও কলাকুশলীরা। সেখানে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখার জন্য আহ্বান জানান তারা। এদিকে ছবিটির গল্প ও তাতে তার চরিত্র নিয়ে অনেক আগে থেকেই নিজের আত্মবিশ্বাসের কথা বলে আসছিলেন সোহানা সাবা।
ফের একই সুর শোনা গেল তার কণ্ঠে। এ অভিনেত্রী ‘অসম্ভব’ ছবি প্রসঙ্গে বলেন, বলেছিলাম কিন্তু, আমাদের সিনেমায় শাকিব খান নাই। কিন্তু আমাদের সিনেমার শাকিব খান হলো- আমাদের গল্প, আমাদের আন্তরিকতা, আমাদের সর্বোচ্চ চেষ্টা ও আমাদের ‘অসম্ভব’র অসম্ভব সুন্দর টিম স্পিরিট! আমরা নভেম্বরের ৩ তারিখে আসছি ‘অসম্ভব’ সিনেমাটি নিয়ে সিনেমা হলে। সিনেমার গল্প প্রসঙ্গে তিনি বলেন, খুব সাধারণ একটি গল্প ‘অসম্ভব’।
পাশের বাড়ির পরিচিত একটি গল্প। ছবিতে আমাদের ঐতিহ্যবাহী যাত্রাশিল্প আছে, কমার্শিয়াল গল্পের ধাঁচ আছে। আমার নির্মাতা অরুণা বিশ্বাসের ‘অসম্ভব’ সিনেমাটাও অসম্ভব সুন্দর। সোহানা সাবা ছাড়াও সরকারি অনুদানে নির্মিত এ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- জ্যোৎস্না বিশ্বাস, আবুল হায়াত, অরুণা বিশ্বাস, গাজী আবদুন নূর, স্বাগতা, শাহেদ, শতাব্দী ওয়াদুদসহ অনেকেই। উল্লেখ্য, ২০২১ সালে মানিকগঞ্জে শুটিং হয়েছে সিনেমাটির।
Posted ৪:১৪ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh