বিনোদন ডেস্ক : | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
ছবি : সংগৃহীত
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের কয়েকটি নতুন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নেপালের পাহাড়ি ও মনোরম পরিবেশে তোলা এসব ছবিতে তার সঙ্গে দেখা গেছে এক তরুণ অভিনেতাকে। ছবিগুলো প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন—অপুর সঙ্গে থাকা এই তরুণ অভিনেতা কে?
খোঁজ নিয়ে জানা গেছে, ব্যক্তিগত সফরে নয়, নতুন সিনেমার শুটিংয়ের জন্যই বর্তমানে নেপালে অবস্থান করছেন অপু বিশ্বাস। তার সঙ্গে ছবিতে থাকা তরুণ অভিনেতার নাম মুর্তজা পলাশ। ‘শিকার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার।
কয়েক দিন ধরে নেপালের পর্যটননগরী পোখারায় চলছে কামরুজ্জামান রোমান পরিচালিত ‘শিকার’ সিনেমার শুটিং। পাহাড়, মেঘ ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বিভিন্ন স্থানে ছবিটির গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণ করা হচ্ছে। শুটিংয়ের সেখানকার কিছু মুহূর্তের ছবিই সম্প্রতি সামনে এসেছে। রেজা ফিল্ম প্রযোজিত সিনেমাটি বাংলাদেশ, ভারত ও নেপালের শিল্পী ও কলাকুশলীদের সমন্বয়ে নির্মিত হচ্ছে। অপু বিশ্বাসের পাশাপাশি এতে অভিনয় করছেন কলকাতার পরিচিত অভিনেতা রজতাভ দত্ত এবং ‘জিল্লু’খ্যাত শ্যাম ভট্টাচার্য।
সিনেমার গল্পের প্রয়োজনেই নেপালের বিভিন্ন আকর্ষণীয় লোকেশনে দৃশ্যধারণ করা হচ্ছে। বিশেষ করে পোখারার পাহাড়ি পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য সিনেমার গল্পে ভিন্ন মাত্রা যোগ করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
‘শিকার’ নিয়ে বেশ আশাবাদী অপু বিশ্বাসও। সিনেমাটির গল্প পছন্দ হওয়ায় প্রস্তাব পাওয়ার পরই অভিনয়ে সম্মতি জানানোর কথা জানিয়েছেন তিনি। তার মতে, এই সিনেমায় অভিনয়ের সুযোগ রয়েছে এবং একই সঙ্গে নতুন অভিনেতা মুর্তজা পলাশের অভিষেকও হচ্ছে—যে কারণে তিনি কাজটি নিয়ে আরও বেশি আগ্রহী।
শুটিংয়ের ব্যস্ততার পাশাপাশি নেপালের প্রাকৃতিক সৌন্দর্যও উপভোগ করছেন অপু। এদিকে তার সঙ্গে মুর্তজা পলাশের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ‘শিকার’ সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।
Posted ৯:০১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh