বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
সাময়া স্মৃতি
শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে আরিফুল ইসলাম আরিফ পরিচালিত ‘যন্ত্রণা’ সিনেমাটি। এ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হচ্ছে নবীন নায়িকা সাময়া স্মৃতির। সিনেমাটির মুক্তি উপলক্ষে রবিবার রাজধানীর মগবাজারের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সিনেমার শিল্পী, কলাকুশলীদের পাশাপাশি উপস্থিত হয়েছিলেন বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সভাপতি কাজী হায়াৎ, বর্ষীয়ান নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু, মুশফিকুর রহমান গুলজার, ডিরেক্টরস গিল্ডের সভাপতি অনন্ত হিরা প্রমুখ।
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সামনে নবাগত নায়িকা সায়মা স্মৃতির হাত ধরে উচ্চস্বরে কাজী হায়াৎ বলেন, ‘বিগ হ্যান্ড’। তখন পাশে দাঁড়িয়ে হাতেতালি দেন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। এ সময় কাজী হায়াতের পা ছুঁয়ে সালাম দিয়ে দোয়া নেন সায়মা স্মৃতি। স্মৃতি বলেন, ‘প্রথম সিনেমায় আমি আমার পরিচালক ও সহশিল্পীদের থেকে অনেক সাপোর্ট পেয়েছি। তারা আমাকে এই সাপোর্ট না দিলে হয়ত ভালোভাবে কাজ করতে পারতাম না। সবার চেষ্টায় সুন্দর একটি সিনেমা হয়েছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।’ সিনেমাটি পরিচালক আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘ভালোবাসার গল্পে সিনেমাটি নির্মিত হয়েছে। গল্পে নতুনত্ব আছে। বর্তমান সময়কে মাথায় রেখেই সিনেমাটি নির্মিত হয়েছে।’
স্মার্ট মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হয়েছে ‘যন্ত্রণা’। স্মৃতি ছাড়াও সিনেমার গুরুত্বপূর্ণ দুই চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ ও মানসী প্রকৃতি। বিভিন্ন চরিত্রে আরও আছেন শতাব্দী ওয়াদুদ, ডন, বড়দা মিঠু, আশরাফ কবির, সোহেল রশিদ, গাঙ্গুয়া, জাহিদ, পারভেজ সুমন, শেখ স্বপ্না, পারভিন আক্তার, অতিথি শিল্পী তনামি হক প্রমুখ।
Posted ১১:০৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh