বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ৩১ মে ২০২৪
রাফিয়াত রশিদ মিথিলা
ছোট পর্দা থেকে গত কয়েক বছরে সিনেমা ও সিরিজে ব্যস্ত হয়েছেন রাফিয়াত রশিদ মিথিলা। দুই বাংলাতেই সমান তালে চলছে তার কাজ। সব শেষ গত ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘কাজলরেখা’। গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত এ ছবিতে তার অভিনয় প্রশংসিতও হয়েছে।
এবার তিনি আসছেন নয়া গল্পে ও রূপে। ওপার বাংলায় তার নতুন এই ছবির নাম ‘অরণ্য’র প্রাচীন প্রবাদ’। পরিচালনায় রয়েছেন দুলাল দে। শুধু তাই নয়, এরইমধ্যে ছবিটির টিজারও প্রকাশ হয়েছে। টিজারের এক ঝলকে দুটি দৃশ্যে দেখা গেছে মিথিলাকে। গোয়েন্দা গল্প হলেও ছবিটি কিঞ্চিৎ ভিন্ন।
এখানকার গোয়েন্দা অরণ্য চিকিৎসা শাস্ত্রের সঙ্গে জড়িত। আবার ক্রিকেট খেলতেও বেশ পছন্দ করে। সেসব সমান্তরালে জায়গা করে নিয়েছে গল্পে। এর অন্যতম প্রধান চরিত্রে রয়েছেন জিতু কামাল। এই ছবিতে মিথিলাকে দেখা যাবে নার্সের ভূমিকায়। তাকে বেছে নেয়ার কারণ জানিয়ে নির্মাতা বলেছেন, মিথিলা ছাড়া অন্য কারও মধ্যে চরিত্রটিকে খুঁজে পাইনি। তাই অন্য কারও সঙ্গে চরিত্রটি নিয়ে আলাপও করিনি।
মিথিলা এ বিষয়ে বলেন, এ ধরনের গল্পে ও চরিত্রে প্রথমবার কাজ করেছি। কাজের অভিজ্ঞতা যথেষ্ট ভালো। আমার বিশ্বাস ভিন্ন এক মিথিলাকে দর্শক পছন্দ করবে ছবিটিতে। এ ছবিতে আরও অভিনয় করেছেন শিলাজিৎ মজুমদার, সুহোত্র মুখোপাধ্যায়, আলোক স্যানাল, অনন্যা বন্দ্যোপাধ্যায়, লোকনাথ দে প্রমুখ। আগামী জুলাইতে ছবিটি মুক্তি পাবে।
Posted ৮:৪৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ৩১ মে ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh