বাংলাদেশ অনলাইন : | সোমবার, ০৩ জুন ২০২৪
নাজিফা তুষি। ছবি : সংগৃহীত
ঢাকাই সিনেমার মন্দার দিনে বসন্তের দোলা দিয়েছিল ‘হাওয়া’ সিনেমা। মেজবাউর রহমান সুমন পরিচালিত এ ছবিতে গুলতি চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন নাজিফা তুষি। তিনি শরীফুল রাজ, চঞ্চল চৌধুরীদের সঙ্গে অভিনয় করে নজর কেড়েছেন। দেশে-বিদেশে দারুণ সাড়া ফেলে এ সিনেমা ও এর গানগুলো। এরপর অবশ্য প্রত্যাশা অনুযায়ী ব্যস্ততা দেখা যায়নি তুষির। অনেকটাই আড়ালে রয়েছেন। চলচ্চিত্রে এ নায়িকার উজ্জ্বল সম্ভাবনা দেখছিলেন অনেকে। তবে হাওয়া মুক্তির পর থেকে অনেকটা আড়ালে তুষি। সেই নীরবতা কিঞ্চিৎ ভাঙলেন এ নায়িকা।
সম্প্রতি শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক হারলানের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন তুষি। রিমার্ক এলএলসি, ইউএসএ’র অ্যাফিলিয়েটেড রিমার্ক এইচবির কালার কসমেটিকস ও স্কিনকেয়ার ব্র্যান্ড লিলির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন হাওয়া সিনেমার নায়িকা।
ঢাকার গুলশানে রিমার্ক এইচবির করপোরেট অফিসে তুষির সঙ্গে চুক্তি করেন লিলির হেড অব বিজনেস হাসান ফারুক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে রিমার্কের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছেন নায়ক শাকিব খান, ক্রিকেটার সাকিব আল হাসান, চিত্রনায়িকা পরীমণি, অপু বিশ্বাস, বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া, সাবিলা নূর ও চিত্রনায়ক মামনুন হাসান ইমন।
এ প্রসঙ্গে নাজিফা তুষি বলেন, ‘লিলির মতো একটি ভার্সেটাইল ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি উচ্ছ্বসিত। এখন থেকে লিলির বিভিন্ন বিজ্ঞাপন ও অন্যান্য প্রমোশনাল কার্যক্রমে আমাকে দেখতে পাবেন ভক্তরা।’
জানা গেছে, তুষি এখন একাধিক সিনেমা ও ওয়েব কনটেন্টের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। প্রযোজনা প্রতিষ্ঠানের নিষেধ থাকায় কাজগুলো নিয়ে এখনই কথা বলতে পারছেন না তিনি। তবে শিগগিরই আসবে আনুষ্ঠানিক ঘোষণা।
Posted ১২:৫৮ অপরাহ্ণ | সোমবার, ০৩ জুন ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh