বাংলাদেশ অনলাইন : | শনিবার, ২২ জুন ২০২৪
বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া।
বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া। অভিনয় দিয়ে এরই মধ্যে তিনি বি-টাউনে নিজের অবস্থান শক্ত করে ফেলেছেন। কাজ করেছেন বেশকিছু ব্যবসা সফল সিনেমায়। তবে অভিনয় ছাড়াও তার একটি বড় গুণ রয়েছে। সেটি হলো তিনি অসম্ভব সুন্দর গান করেন। অভিনয়ে আসার আগে ভারতের জনপ্রিয় রিয়ালিটি শো ইন্ডিয়ান আইডলে প্রতিযোগিতা করতেও দেখা যায় তাকে। এবার সেই গান নিয়েই নতুন স্বপ্ন দেখছেন তিনি। করতে চান মুম্বাইয়ে একটি কনসার্টও। খবর : বলিউড হ্যাঙ্গামা
তারার অভিনয়জীবনের প্রথম সিনেমা ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’। করণ জোহরের প্রযোজনায় সিনেমায় তারার সঙ্গে অভিনয় করেন অনন্যা পান্ডে ও টাইগার শ্রফ। সিনেমাটি খুব একটা সুবিধা করতে না পারলেও তারার অভিনয় মুগ্ধ করে দর্শকদের। এরপর বেশকিছু সিনেমায় অভিনয় করছেন তিনি।
২১ জুন (শুক্রবার) বিশ্ব সংগীত দিবস উপলক্ষে নিজের স্বপ্নের কথা জানান এ অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি সবসময়ই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতাম। তবে গানের প্রতি সবসময়ই আমার আলাদা একটি ভালোলাগা কাজ করত। এটি আমি ছোটবেলা থেকে শিখেছিও। তাই কোথাও আমাকে কেউ গান গাওয়ার অনুরোধ করলে আমি না বলতে পারি না। এবার আমার ইচ্ছে আছে সংগীত নিয়ে বড় একটি কনসার্ট করার। তার জন্য আমি এরই মধ্যে ভারতের বেশ কয়েকজন জনপ্রিয় সংগীতশিল্পীর সঙ্গে কথা বলেছি। আশা আছে এ বছরই দর্শকদের জন্য বড় কিছু উপহার দেওয়ার। এটা আমার বড় একটা স্বপ্ন। যেটা পূরণে আমি সবার সহযোগিতা কামনা করছি। অন্যান্য শিল্পীর সঙ্গে আমিও গান গাইব।’
তারা সুতারিয়াকে সবশেষ দেখা গিয়েছিল ‘অপূর্ব’ সিনেমায়। এটি মুক্তি পেয়েছিল ডিজিটাল প্ল্যাটফর্ম ডিজনি প্লাসে। এ ছাড়া বর্তমানে বেশকিছু ওটিটির কাজ নিয়ে ব্যস্ত আছেন এ অভিনেত্রী।
Posted ১০:১৬ পূর্বাহ্ণ | শনিবার, ২২ জুন ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh