বাংলাদেশ অনলাইন : | শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবি : সংগৃহীত
পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বাংলাদেশের বেশকিছু সিনেমায় নিয়মিত অভিনয় করেছেন তিনি। গত বছরের আগস্টে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ‘স্পর্শ’ ছবিতে শুটিং করতে বাংলাদেশে এসেছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এদিকে গত জুলাই মাসে ঋতুপর্ণাকে নিয়ে নতুন সিনেমার ঘোষণা দেন রাশিদ পলাশ। ছবির নাম ‘তরী’।
এরই মধ্যে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় সিনেমাটির একটি ধাপের শুটিংও সম্পন্ন হয়েছে বলে জানা যায়। চলতি মাসেই ঢাকায় দ্বিতীয় ধাপের শুটিংয়ে যুক্ত হওয়ার কথা ছিল ঋতুপর্ণার। ‘কিন্তু সেটা আর হচ্ছে না’ এমনটাই জানালেন নির্মাতা রাশিদ পলাশ। রাশিদ পলাশ গণমাধ্যমকে জানান, ‘তরী’ ছবির জন্য ঋতুপর্ণার সঙ্গে সব কিছু চূড়ান্ত হয়েছিল।
তিনি আরও বলেন, ‘আমরা ছবিটির প্রথম ধাপের শুটিং শেষ করেছি। সেপ্টেম্বরে ঢাকায় এসে শুটিংয়ে যোগ দেওয়ার কথাও ছিল তার। জুলাইর প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় ও শেষ লটের প্রস্তুতিও নিচ্ছিলাম। এরই মধ্যে ছাত্র-জনতার আন্দোলনে শিডিউল ভেস্তে যায়। এখন নতুন করে শুটিংয়ে পরিকল্পনার কথা ভাবছি।’
পরিচালক যোগ করেন, এই মুহূর্তে দেশের যে অবস্থা, তাতে ঋতুদির মতো বড় তারকাকে নিয়ে আউটডোর শুটিং করা কঠিন হয়ে যাবে। তাই তার জায়গায় দেশের অন্য কোনো অভিনেত্রীকে নিয়ে সিনেমার কাজটা শেষ করতে চাই। উল্লেখ্য, ‘তরী’ ছবিটি প্রযোজনা করছে পুণ্য ফিল্মস।
Posted ১১:৫৫ পূর্বাহ্ণ | শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh