বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২
চলে গেলেন বাংলা গানের সোনালী যুগের কিংবদন্তী সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। ১৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ৯০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন এ শিল্পী। কলকাতার অ্যাপোলো হাসপাতালের পক্ষ থেকে মেডিকেল বুলেটিনে আগেই জানানো হয়েছিল যে, শিল্পীর শারীরিক অবস্থা ক্রমেই অবনতি হচ্ছে। সকালে তার রক্তচাপ কমে গেলে ভেসোপ্রেসার সাপোর্টে রাখা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ধরে রাখা যায়নি কিংবদন্তী সঙ্গীতশিল্পীকে।
গত ২৬ জানুয়ারি বুধবার সন্ধ্যা থেকেই অসুস্থ হয়ে পড়েন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। পরদিনই তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার রাতে শৌচাগারে পড়ে গিয়ে চোট পান শিল্পী। এরপর থেকেই বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। সেইসঙ্গে যোগ হয়েছিল শ্বাসকষ্টজনিত সমস্যাও। তার দু’টি ফুসফুসেই সংক্রমণ দেখা দেয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এ বছর তাকে ‘পদ্মশ্রী’ সম্মাননা দিতে চেয়েছিল ভারতের কেন্দ্রীয় সরকার, কিন্তু সেই সম্মান প্রত্যাখান করেন তিনি। এর দুদিন পরই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সন্ধ্যা মুখোপাধ্যায়। ১৯৩১ সালের ৪ অক্টোবর কলকাতার ঢাকুরিয়ায় জন্মগ্রহণ করেন সন্ধ্যা মুখোপাধ্যয়। ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা, এ শুধু গানের দিন, আমি তার ছলনায়, হয়তো কিছুই নাহি পাবো, মধু মালতি ডাকে ওই, প্রিয়া প্রিয়া কে ডাকে-সহ অসংখ্য জনপ্রিয় বাংলা গান শ্রোতাদের উপহার দিয়েছেন এ শিল্পী।
Posted ৬:৪৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh