বাংলাদেশ অনলাইন : | সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
ছবি : সংগৃহীত
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নুর। ২২ সেপ্টেম্বর (সোমবার) সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হন।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, “সকাল ৮টা ২৫ মিনিটের দিকে তিনি রওনা হয়েছে, চিকিৎসা শেষে দেশে ফিরবেন।”
দলের মুখপাত্র ফারুক হাসান বলেন, “মেডিকেল বোর্ড জানিয়েছে, উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া দরকার। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন তিনি।”
গত ২৯ অগাস্ট সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে গণঅধিকারের নেতাকর্মীরা বক্সকালভার্ট সড়কে তাদের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন।
সেখানে নুর গণমাধ্যমের সঙ্গে কথা বলার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় সেনা ও পুলিশ সদস্যরা নুর ও তার সহকর্মীদের লাঠিপেটা শুরু করে। হামলায় নুরসহ অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হন বলে গণঅধিকার পরিষদের দাবি।
লাঠিপেটায় আহত নুরুকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে তাকে দেখতে যান বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
গত ২ সেপ্টেম্বর তাকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন নুরের স্ত্রী মারিয়া আক্তার, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ও জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন।
সেসময় আলাপের পর চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে নুরকে বিদেশ পাঠাতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ দিন চিকিৎসা নিয়ে গত সপ্তাহে বাসায় যান নুর।
Posted ২:১৮ অপরাহ্ণ | সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh