বাংলাদেশ অনলাইন ডেস্ক : | সোমবার, ২০ জুলাই ২০২৬
ছবি : সংগৃহীত
অ্যালেক নিল ভ্যান্স নামে চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এক যৌথ বিবৃতিতে এই কথা জানান জেডি ভ্যান্স ও তার স্ত্রী উষা ভ্যান্স। এর মাধ্যমে অ্যালেক নিল ভ্যান্স হলেন গত ১৫০ বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথম কোনো দায়িত্বে থাকা মার্কিন ভাইস প্রেসিডেন্টের ঘরে জন্ম নেওয়া সন্তান।
রোববার মেরিল্যান্ডের বেথেসডায় অবস্থিত ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে অ্যালেক নিল জন্মগ্রহণ করেছে। খবর আলজাজিরার।
জেডি ভ্যান্স বলেন, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের পুত্রসন্তান অ্যালেক নিল ভ্যান্স আজ সকালে জন্মগ্রহণ করেছে। উষা ও নবজাতক দুজনেই সুস্থ আছে, এবং আমাদের অন্য সন্তানরা তাদের ছোট ভাইকে পেয়ে খুবই আনন্দিত।
ওহাইও অঙ্গরাজ্যের বাসিন্দা জেডি ভ্যান্স এবং ভারতীয় অভিবাসী পরিবারের সন্তান উষা ভ্যান্স ইয়েল ল’ স্কুলে পড়াশোনার সময় পরিচিত হন। তারা ২০১৩ সালে সেখান থেকে স্নাতক সম্পন্ন করেন।
দম্পতির প্রথম ছেলে ইওয়ান জন্মগ্রহণ করে ২০১৭ সালে। এরপর ২০২০ সালে জন্ম নেয় আরেক ছেলে বিবেক এবং ২০২১ সালে তাদের কন্যা মিরাবেল জন্মগ্রহণ করে।
এর আগে সর্বশেষ ১৮৭০ সালে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট স্কাইলার কোলফ্যাক্স এবং তার দ্বিতীয় স্ত্রী এলেন ওয়েড-এর ঘরে ছেলে স্কাইলার কোলফ্যাক্স তৃতীয় জন্মগ্রহণ করেছিলেন। এ তথ্য হোয়াইট হাউস হিস্টোরিক্যাল অ্যাসোসিয়েশন জানিয়েছে।
সাবেক মার্কিন মেরিন সদস্য জেডি ভ্যান্স দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে জন্মহার কমে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন। ২০২১ সালে ওহাইও থেকে মার্কিন সিনেট নির্বাচনে প্রার্থী হওয়ার সময় তিনি এ বিষয়টি বারবার তুলে ধরেন।
ভ্যান্স পরিবারের এই নতুন সদস্যের জন্ম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে সাম্প্রতিক একাধিক সন্তান জন্মের ঘটনার অংশ হিসেবেও দেখা হচ্ছে।
Posted ১:০৭ অপরাহ্ণ | সোমবার, ২০ জুলাই ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh