বাংলাদেশ অনলাইন : | সোমবার, ২১ জুলাই ২০২৫
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় উদ্ধার অভিযান চলছে। ছবি : সংগৃহীত
বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়ে ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল ২১ জুলাই (সোমবার) বেলা পৌনে ৫টার দিকে মাইলস্টোন স্কুলের দুর্ঘটনা কবলিত এলাকা পরিদর্শনের আগে এ তথ্য জানান। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বেলা ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। পরে বিধ্বস্ত হয়।
মারা গেছেন বিমানটির পাইলট : রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর মারা গেছেন। সোমবার (২১ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে সম্মিলিতি সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা গেছে বলে জানা গেছে। এর আগে, দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পর পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে বিধ্বস্ত হয় বিমানটি। এফ-৭ বিজেআই মডেলের এ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত৬০ জনকে বার্ন ইউনিটে নেয়া হয়েছে। এ দুর্ঘটনায় পাইলট ছাড়াও আরও তিনজন নিহত হয়েছে।
আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআর জানিয়েছে, এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমানটিতে পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। স্কুলটির শিক্ষক মিজানুর রহমান জানান, ছুটির সময় বিমানটি আছড়ে পড়ে স্কুলটির একটি ভবনে ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বিমানটিতে। আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন শিক্ষার্থী, অভিভাবক ও কর্মকর্তা-কর্মচারীরা। ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ও সেনাবাহিনীর সদস্যরা। এরইমধ্যে দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় যোগ দিয়েছে ২ প্লাটুন বিজিবি ও নৌবাহিনী। হতাহতদের উদ্ধার করে হেলিকপ্টারে করে সিএমএইচে নেয়া হচ্ছে।
একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সব সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। আহত–নিহতদের জন্য দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর জানিয়েছে, সোমবার বিমান বাহিনীর ‘এফ-৭ বিজেআই’ প্রশিক্ষণ বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। উড়োজাহাজটির আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল বলেন, বিমানটি একটি ভবনের গেইটে আছড়ে পড়ে। সেটি অ্যাকাডেমিক ভবন। সেখানে স্কুলের বাচ্চাদের ক্লাস চলছিল। একের পর এক আহতদের বের করে নিয়ে আসা হচ্ছে। দুর্ঘটনাস্থল থেকে অনেককে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যেতে দেখা গেছে। সেখানে উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় যোগ দিয়েছে ২ প্লাটুন বিজিবি। আহতদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল, উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ, মনসুর আলী মেডিকেল কলেজ, কুর্মিটোলা জেনারেল হাসপাতালেও আহতদের নেওয়া হয়েছে। জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বেলা সাড়ে ৩টায় বলেন, এখন পর্যন্ত অর্ধ শতাধিক দগ্ধ এসেছে। জানা গেছে, বার্ন ইউনিটে নিয়ে আসা অনেক রোগীর অবস্থা আশঙ্কাজনক।
Posted ৪:৫৯ অপরাহ্ণ | সোমবার, ২১ জুলাই ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh