বাংলাদেশ অনলাইন : | সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫
ঢাকা কলেজ প্রাঙ্গণে সাত কলেজের শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদের পদত্যাগসহ ৬ দফা দাবি জানিয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। দাবি পূরণে তাঁরা ৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন। এই সময়ে মধ্যে সমাধান না হলে তাঁরা পরবর্তী কর্মসূচি দেবেন। ২৭ জানুয়ারি (সোমবার) দুপুর ১২টার দিকে সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে করা সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরে এসব কথা বলা হয়। ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি পড়ে শোনান সাত কলেজের শিক্ষার্থীদের একজন প্রতিনিধি।
গতকাল রোববার রাতে নীলক্ষেত মোড় এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও এই বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে হামলায় জড়িত সবার বিচারের দাবিতে আজ সকাল ৯টা থেকে নিজ নিজ কলেজের সামনের সড়ক অবরোধ করার ঘোষণা গতকাল রাতে দিয়েছিলেন সাত কলেজের শিক্ষার্থীরা। পরে আজ দুপুর ১২টার দিকে তাঁরা সংবাদ সম্মেলন করে ৬ দফা দাবি তুলে ধরেন। উদ্ভূত পরিস্থিতিতে আজ ক্লাস-পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের আজকের সব চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
Posted ১২:৪৮ অপরাহ্ণ | সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh