বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ০২ জুন ২০২৬
সাবিলা নূর। ছবি : অভিনেত্রীর ফেসবুক থেকে নেওয়া
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর ধীরে ধীরে বড়পর্দায়ও নিজের অবস্থান শক্ত করছেন। এই ঈদে সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনীত ‘রকস্টার’ সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছেন তিনি। সিনেমা মুক্তির দিন নির্মাতা আজমান রুশোর সঙ্গে দর্শকদের নিয়ে ছবিটি উপভোগ করেন সাবিলা। পরে সাংবাদিকদের সঙ্গে দীর্ঘ আলাপ করেন এই নায়িকা।
তিনি বলেন, “আমি সব সময় ডিফরেন্ট ডিফরেন্ট জিনিস ট্রাই করতে চাই। আমি যখন ‘তাণ্ডব’ করেছি, তখন আমার অডিয়েন্সও এক্সপেক্ট করেনি যে আমাকে ‘লিচুবাগান’ টাইপের একটা গানে দেখবে। আমি ওই ইমেজটা ব্রেক করতে চেয়েছি। এরপর যখন ‘বনলতা এক্সপ্রেস’ করেছি, সেটাও ‘তাণ্ডব’ থেকে একদম আলাদা ছিল। আমি চেয়েছিলাম আমার তৃতীয় সিনেমাটাও একদম ভিন্ন ধরনের কোনো চরিত্র হোক, যেখানে দর্শক আমাকে নতুনভাবে দেখবে। ‘রকস্টার’-এ সেটাই করার চেষ্টা করেছি।”
চলচ্চিত্রটিতে ‘মিরা’ চরিত্রে অভিনয় করেছেন সাবিলা। চরিত্রটির প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, ‘মিরার জার্নির কথা যদি বলি, আসলে আমরা খুব বেশি সময় পাইনি প্রিপারেশন নেওয়ার। মনে হয় দুই বা তিন সপ্তাহের মতো সময় পেয়েছি।’
শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও প্রশংসা করেন তিনি। সাবিলার ভাষায়, ‘শাকিব ভাইয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করা সব সময়ই খুব ভালো লাগার বিষয়। উনি ভীষণ ডেডিকেটেড এবং ডিসিপ্লিনড। একজন কো-আর্টিস্ট হিসেবে উনি খুবই সাপোর্টিভ।’ সিনেমার ট্রেলার প্রকাশের পর অনেকেই বলিউড তারকা রণবীর কাপুর অভিনীত ‘রকস্টার’-এর সঙ্গে ‘রকস্টার’-এর তুলনা করেছিলেন।
এ প্রসঙ্গে সাবিলা বলেন, “রণবীর কাপুরের ‘রকস্টার’ তো কাল্ট ক্লাসিক। ‘রকস্টার’ নিয়ে ভাবলেই সবার মাথায় ওই সিনেমার কথা আসে। কিন্তু আমাদের ‘রকস্টার’-এর গল্প পুরোপুরি আলাদা। এখানে একটা মানুষের জীবন, তার মিউজিক জার্নি এবং সেই পথের কিছু কঠিন বাস্তবতার গল্প দেখানো হয়েছে। ট্রেলার দেখে হয়তো একটা ভাইব এক মনে হতে পারে, কিন্তু পুরো সিনেমা দেখলে বুঝবেন এর সঙ্গে ওই সিনেমার কোনো মিল নেই। এটা আমাদের নিজস্ব প্রেক্ষাপটে তৈরি একেবারে নতুন গল্প।’ রকস্টার সিনেমা নিয়ে যদিও দর্শকের আক্ষেপ করতে দেখা গেলেও সাবিলা নূরের অভিনয় নিয়ে সন্তুষ্ট তারা।
কোরবানির ঈদের ব্যস্ততার মধ্যেও দর্শকদের সিনেমা হলে গিয়ে ছবিটি দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘‘আপনারা যদি চান ভবিষ্যতে বাংলাদেশে আরো ডিফরেন্ট ডিফরেন্ট সিনেমা তৈরি হোক, তাহলে আমাদের ‘রকস্টার’ দেখা উচিত।”
Posted ৯:৫৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০২ জুন ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh