বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২
ইউক্রেন ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার চলমান উত্তেজনার মধ্যে ইউক্রেনে বসবাসরত বাংলাদেশিদের অবিলম্বে দেশটি ত্যাগ করার পরামর্শ দিয়েছে পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস। একইসঙ্গে সকল বাংলাদেশিকে অত্যাবশ্যকীয় না হলে ইউক্রেনে সব ধরনের ভ্রমণ পরিহার করতে বলা হয়েছে। ১৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক অবস্থার পরিপ্রেক্ষিতে ইউক্রেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের অবিলম্বে ইউক্রেন ত্যাগ করার পরামর্শ দেয়া হলো। অন্য কোনো দেশে যেতে না পারলে তারা বাংলাদেশে যেতে পারেন। ঘটনাবলী পর্যবেক্ষণ করে পরবর্তীতে দূতাবাসের পক্ষ থেকে পরামর্শ হালনাগাদ করা হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইউক্রেনে অবস্থানরত সকল বাংলাদেশিকে তাদের অবস্থানের তথ্য দূতাবাসকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো। যাতে জরুরি প্রয়োজনে দূতাবাস তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে।
উল্লেখ্য, গত দুই মাসেরও বেশি সময় ধরে ইউক্রেন-রাশিয়া সীমান্তে প্রায় ১ লাখ রুশ সেনা মোতায়েন রেখেছে রাশিয়া। পাশাপাশি ২০১৫ সালে ইউক্রেনের কাছে থেকে দখল নেয়া দ্বীপ ক্রিমিয়াতেও সম্প্রতি বাড়ানো হয়েছে সেনা উপস্থিতি। এছাড়া গত সপ্তাহে কৃষ্ণ সাগরে সামরিক মহড়া শুরু করে রাশিয়া।
Posted ৬:৫৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh