বাংলাদেশ অনলাইন : | সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬
মৌনী রায়। ছবি : সংগৃহীত
ভারতের হরিয়ানার করনালে এক অনুষ্ঠানে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বলিউড অভিনেত্রী মৌনী রায়। অনুষ্ঠান চলাকালেই যৌন হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন। সামাজিক মাধ্যমে সেই ঘটনায় মানসিক আঘাতের কথা প্রকাশ করেছেন তিনি।
এনডিটিভি থেকে জানা যায়, ইনস্টাগ্রাম স্টোরিতে দেয়া এক দীর্ঘ পোস্টে মৌনী জানান, অনুষ্ঠান শুরুতে মঞ্চের দিকে যাওয়ার সময় ছবি তোলার অজুহাতে দর্শকসারির কয়েকজন পুরুষ তার কোমরে হাত দেন। তিনি সঙ্গে সঙ্গে আপত্তি জানিয়ে বলেন, “স্যার, দয়া করে হাত সরান।” কিন্তু এতে পরিস্থিতি শান্ত হওয়ার বদলে আরও অস্বস্তিকর হয়ে ওঠে। অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তিদের মধ্যে দুজন ছিলেন এমন বয়সের, যারা তার দাদু হতে পারতেন।
মৌনী লেখেন, মঞ্চে ওঠার পর পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। সামনের সারিতে দাঁড়িয়ে থাকা দুজন ব্যক্তি তার উদ্দেশে অশালীন মন্তব্য করতে থাকেন, অশ্লীল অঙ্গভঙ্গি দেখান এবং কটূক্তি করেন। প্রথমে তিনি ভদ্রভাবে তাদের থামাতে ইশারা করেন। কিন্তু তাতে কাজ না হওয়ায় তারা উল্টো তার দিকে গোলাপ ফুল ছুড়ে মারতে শুরু করে।
অভিনেত্রী আরও জানান, মঞ্চটি ছিল উঁচুতে, আর ওই ব্যক্তিরা নিচ থেকে অশালীন অ্যাঙ্গেলে ভিডিও করছিলেন। কেউ তাদের থামাতে চাইলে তারা তাকে গালিগালাজ করে। একপর্যায়ে তিনি মাঝপথে অনুষ্ঠান ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেও পেশাদার দায়বদ্ধতার কথা ভেবে আবার ফিরে এসে পারফরম্যান্স শেষ করেন। তবু দুঃখের বিষয়, পুরো সময় জুড়েই ওই আচরণ চলতে থাকে এবং আয়োজক কিংবা উপস্থিত কোনো পরিবারের পক্ষ থেকে কাউকে সরিয়ে নেওয়ার উদ্যোগ দেখা যায়নি।
এই ঘটনায় গভীরভাবে মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানান মৌনী। তিনি লেখেন, আমি অপমানিত, আতঙ্কিত ও মানসিকভাবে বিপর্যস্ত। এই ধরনের অগ্রহণযোগ্য আচরণের বিরুদ্ধে কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত।
পোস্টের শেষদিকে সমাজের প্রতি কঠোর প্রশ্ন ছুড়ে দিয়ে অভিনেত্রী লেখেন, আমরা শিল্পীরা আমাদের কাজের মাধ্যমে সৎভাবে জীবিকা নির্বাহ করি। এই মানুষগুলো যদি নিজের মেয়েদের, বোনদের বা পরিবারের নারীদের সঙ্গে এমন আচরণ হতে দেখত, তাহলে কী করত? লজ্জা হওয়া উচিত। তিনি আরও বলেন, নিজের দেশ, মানুষ ও সংস্কৃতিকে তিনি ভালোবাসেন, কিন্তু এই ধরনের পুরুষতান্ত্রিক ঔদ্ধত্য ও অধিকারবোধ তাকে ভাষাহীন করে দিয়েছে।
প্রসঙ্গত, মৌনী রায় টেলিভিশন ধারাবাহিক ‘কিউকি সাস ভি কভি বহু থি’ দিয়ে অভিনয়জগতে যাত্রা শুরু করেন। সাম্প্রতিক সময়ে তাকে জিওহটস্টারের সিরিজ ‘সলাকার’-এ দেখা গেছে। এই ঘটনার পর শিল্পীদের নিরাপত্তা ও অনুষ্ঠানে দায়িত্বশীলতার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
Posted ১০:৫২ পূর্বাহ্ণ | সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh