বিনোদন ডেস্ক : | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
নুসরাত ফারিয়া । ছবি : সংগৃহীত
দীর্ঘ বিরতির পর নতুন উদ্যমে অভিনয়ে ফিরছেন নুসরাত ফারিয়া। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’র কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন তিনি। নির্মাতা মেহেদী হাসান হৃদয় জানিয়েছেন, প্রথম দিনের শুটিং হবে বিএফডিসিতে। এরপর তিনশ ফিট পূর্বাচল, পুরান ঢাকা এবং ঢাকার বাইরের বিভিন্ন লোকেশনে টানা প্রায় ১০ দিন শুটিং চলবে।
হৃদয় বলেন, ‘কাল (৮ আগস্ট, শনিবার) থেকেই ফ্লোরে নামছি। প্রথম দিন এফডিসিতে শুট করব। এরপর বিভিন্ন লোকেশনে শুটিং হবে। চেষ্টা থাকবে দর্শকদের জন্য একদম নতুন এবং ভিন্নধর্মী কিছু উপহার দেওয়ার।’
প্রথম দিনের শুটিংয়েই অংশ নেবেন নুসরাত ফারিয়া। তার সঙ্গে থাকবেন অভিনেতা নাসির উদ্দিন খান। পরিকল্পনা অনুযায়ী কাজ শেষ হলে আসন্ন দুর্গাপূজায় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে ‘লাপাত্তা’।
এদিকে ‘লাপাত্তা’ শেষ করেই নতুন সিনেমা ‘নিঃস্ব’র প্রস্তুতি শুরু করবেন মেহেদী হাসান হৃদয়। আগামী অক্টোবরের শেষ দিকে শাকিব খানকে নিয়ে সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। যদিও শাকিব খানের বিপরীতে কে অভিনয় করবেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। সামাজিক মাধ্যমে ইধিকা পালের নাম আলোচনায় এলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন, তার সঙ্গে এখনো কোনো আলোচনা হয়নি।
ঘনিষ্ঠ সূত্রের দাবি, ‘নিঃস্ব’তে শাকিব খানের বিপরীতে পাকিস্তানের একজন অভিনেত্রীকে দেখা যেতে পারে। এ মাসের মধ্যেই সম্ভাব্য অভিনেত্রীর সঙ্গে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে মাসের শেষ দিকে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
উল্লেখ্য, ‘বরবাদ’ দিয়ে বড় পর্দায় নির্মাতা হিসেবে অভিষেক হয় মেহেদী হাসান হৃদয়ের। এরপর ‘রাক্ষস’ নির্মাণের পর এবার ‘লাপাত্তা’র মাধ্যমে ওটিটিতে অভিষেক হচ্ছে তার। অন্যদিকে দীর্ঘ বিরতির পর নুসরাত ফারিয়ার এই প্রত্যাবর্তনও দর্শকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে।
Posted ১০:৪১ পূর্বাহ্ণ | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh