বাংলাদেশ অনলাইন : | শনিবার, ০৬ জুন ২০২৬
শাকিব-বুবলী ও মিষ্টি জান্নাত। ছবি : সংগৃহীত
দুই পুত্র সন্তানের পর এবার কন্যা সন্তানের বাবা হলেন দেশের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। চিত্রনায়িকা শবনম বুবলী সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন, ১১ মে তাদের ঘরে জন্ম নিয়েছে একটি কন্যা সন্তান। এরপরই শাকিব ও বুবলীকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে একটি রহস্যময় পোস্ট দিয়েছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। শুক্রবার মধ্যরাতে নিজের ফেসবুক ওয়ালে তিনি লেখেন, ‘কন্যা সন্তানের জন্য অনেক অনেক শুভকামনা। শাকিব খান ও শবনম বুবলীকে অভিনন্দন।’
তবে এখানেই থামেননি। একটি ইঙ্গিতপূর্ণ কথা উল্লেখ করে মিষ্টি লেখেন, ‘এই বছরে আরেকজনের জন্যও অগ্রিম শুভেচ্ছা।’ তবে এই আরেকজন বলতে তিনি কি বুঝিয়েছেন সে বিষয়ে কিছু লেখেননি।
এর আগে শুক্রবার (৫ জুন) দুপুরে নিজের ফেসবুক পোস্টে নতুন অতিথির খবরটি প্রকাশ করেন বুবলী। গত ১১ মে জন্ম নেওয়া তাদের নতুন অতিথির নাম রাখা হয়েছে শার্লিন খান।
বুবলী লেখেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।’
পোস্টের সঙ্গে একটি ছবি শেয়ার করেন বুবলী। যেখানে নবজাতকের নাম শার্লিন খান উল্লেখ করা হয়। সেখানে শাকিব খান ও বুবলীকে ‘এলেটেড প্যারেন্টস’ হিসেবেও উল্লেখ করা হয়েছে।
এর আগে বেশ কিছুদিন ধরেই বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শোবিজ অঙ্গনে আলোচনা তৈরি করেছিল। তবে সে সময় বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি এই অভিনেত্রী। সাম্প্রতিক সময়ে অভিনয় ও গণমাধ্যম থেকেও অনেকটা দূরে ছিলেন তিনি।
উল্লেখ্য, অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সালের ২০ জুলাই শবনম বুবলীকে বিয়ে করেন শাকিব খান। ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে জন্ম নেয় তাদের ছেলে শেহজাদ খান বীর। পরে ২০২২ সালে বিয়ে ও সন্তানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আনেন এই দুই তারকা। অপু বিশ্বাসের ঘরে আব্রাহাম খান জয় নামের আরেক ছেলে রয়েছে।
Posted ১১:০৪ পূর্বাহ্ণ | শনিবার, ০৬ জুন ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh