বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
বিয়ে করলেন বিজয়-রাশমিকা। ছবি : এক্স থেকে নেওয়া
দক্ষিণী তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা ২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। রাজস্থানের উদয়পুরের এক বিলাসবহুল প্রাসাদে সম্পন্ন হয়েছে তাঁদের বিয়ের আয়োজন—কঠোর গোপনীয়তায়, সীমিত অতিথি তালিকায়।
সূত্র জানায়, বিজয়ের পারিবারিক ঐতিহ্য মেনে তেলুগু হিন্দু রীতিতে সকাল সাড়ে ১১টার দিকে সম্পন্ন হয় প্রথম পর্ব। পরে বিকেলে রাশমিকার পারিবারিক রীতি অনুযায়ী অনুষ্ঠিত হয় দ্বিতীয় পর্ব। সন্ধ্যা ৭টার পর নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের ছবি প্রকাশ করেন নবদম্পতি।
২৩ ফেব্রুয়ারি শুরু হয়েছিল উৎসবের আবহ। বিশেষ এক বিলাসবহুল ডিনারের মাধ্যমে আত্মীয়-স্বজনদের সঙ্গে উদযাপন করেন তাঁরা। এর পাশাপাশি আয়োজন করা হয় ভলিবল ও ক্রিকেট ম্যাচ। মঙ্গলবার রাতে বসে সংগীতের জমকালো আসর। সেই রাতেই পারিবারিক প্রথা মেনে বিজয়ের মা মাধবী রাশমিকাকে উপহার দেন পরিবারের সোনার বালা—একটি ঐতিহ্যের প্রতীক হিসেবে।
বিয়ের ছবি প্রকাশ করে রাশমিকা লেখেন, ‘পরিচয় করিয়ে দিচ্ছি আমার স্বামী বিজয় দেবরাকোন্ডার সঙ্গে। এই মানুষটি আমাকে শিখিয়েছে সত্যিকারের ভালোবাসা ও সুখের অর্থ। বড় স্বপ্ন দেখতে শিখিয়েছে। কখনো কোনো কিছুতে বাধা দেয়নি। আমার জীবন, সংগ্রাম, অর্জন—সবকিছুই অর্থবহ হয়ে উঠেছে, কারণ আমি তোমাকে পেয়েছি।’
অন্যদিকে বিজয় লেখেন, ‘তাকে সব সময় মিস করেছি। মনে হতো, সে পাশে থাকলে দিনগুলো আরও ভালো হতো। আমার সেই সেরা বন্ধুকে আজ আমার স্ত্রী বানিয়ে নিয়েছি।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেবল দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা। ইন্ডাস্ট্রির সহকর্মীদের জন্য আগামী ৪ মার্চ হায়দরাবাদে সংবর্ধনা আয়োজন করবেন রাশমিকা ও বিজয়।
Posted ১১:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh