বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশের ওপর গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে জনমত গঠনে ব্যাপক প্রচার চালাবে জামায়াতে ইসলামী। ২৬ নভেম্বর (বুধবার) ঢাকার মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বিকেল সাড়ে ৪টায় শুরু হয়ে চার ঘণ্টার বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনসহ সার্বিক বিষয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল আবদুল হালিম। তিনি বলেছেন, জামায়াত নির্বাচনের আগে গণভোট চেয়েছিল। এ দাবি পূরণ না হলেও ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সংবিধান সংস্কারের জন্য ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালানো হবে।
বৈঠকে সূত্র জানিয়েছে, আগামী নির্বাচনে সংস্কারকে অন্যতম প্রধান ইস্যু করে তোলার চেষ্টা করবে জামায়াতে ইসলামী। জামায়াতসহ আট দল সম্মিলিতভাবে প্রচার চালাবে। দাঁড়িপাল্লার পক্ষে ভোট প্রার্থনার মতোই গুরুত্ব দিয়ে ‘হ্যাঁ’ ভোট চাওয়া হবে। বিএনপিসহ যেসব দল সংস্কারের বিরোধিতা করছে– তাও ভোটারদের সামনে তুলে ধরা হবে।
‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকা দলগুলোর সঙ্গে আসন সমঝোতা করে নির্বাচনে অংশ নেবে জামায়াত। নির্বাহী পরিষদের বৈঠকেও এ বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠক সূত্র জানিয়েছে, নির্বাচনের তপশিল ঘোষণার আগে আসন সমঝোতার সম্ভাবনা নেই। যেসব আসনে মিত্র দলগুলোর জয়ের সম্ভাবনা রয়েছে, সেগুলো ছেড়ে দেওয়া হবে। মিত্র দলের গুরুত্বপূর্ণ নেতাদেরও সমর্থন দেওয়া হবে। তবে জামায়াতের যেসব আসনে জয়ের সম্ভাবনা প্রবল, সেগুলো ছাড়া হবে না।
গণভোটে অবস্থান কী হবে, তা স্পষ্ট করেনি বিএনপি। জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের পক্ষে। এ দলটির সঙ্গে জামায়াতের আসন সমঝোতা হতে পারে কিনা– প্রশ্নে বৈঠকে অংশ নেওয়া এক নেতা বলেছেন, এনসিপির জন্য দুয়ার উন্মুক্ত। অনানুষ্ঠানিক আলোচনাও চলছে। তবে বৈঠকে এ-বিষয়ক সিদ্ধান্ত হয়নি। নির্বাচন এবং আগামী বছরের সাংগঠনিক পরিকল্পনা ও কর্মকৌশল নিয়ে আলোচনা হয়েছে। কিছু আসনে প্রার্থী পরিবর্তন হতে পারে। দলের বাইরে থেকে গ্রহণযোগ্য এবং জাতীয়ভাবে পরিচিত ব্যক্তিতের প্রার্থী করা হতে পারে।
বৈঠক সূত্র জানিয়েছে, খুলনা-১ আসনে কৃষ্ণ নন্দীকে প্রার্থী করা, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ছাত্র সংসদের নেতাদের প্রার্থী করার প্রস্তাব রয়েছে। ডাকসু ভিপি আবু সাদিক কায়েমকে খাগড়াছড়ি বা ঢাকায় প্রার্থী করা হতে পারে। প্রার্থী হওয়ার জন্য জামায়াতের রুকন (সদস্য) হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তা শিথিল করতে হবে এসব ক্ষেত্রে। আগামী ২৮ ও ২৯ নভেম্বর অনুষ্ঠিতব্য দলের মজলিসে শূরার অধিবেশনে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
জামায়াতের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি এবং সুস্থতার জন্য বৈঠকে দোয়া করা হয়েছে।
বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও ভয়ভীতিমুক্ত পরিবেশে সম্পন্ন করার প্রয়োজনীয়তা এবং দেশের বর্তমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠানসহ পাঁচ দফা গণদাবি বাস্তবায়নে আট দলের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাত বিভাগীয় শহরে সমাবেশ সফলে দেশবাসীর প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে।
Posted ১০:২৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh