বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ০৪ ফেব্রুয়ারি ২০২২
চীনে শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান বর্জন ঘোষণা করছে ভারত। এমনকি অনুষ্ঠানগুলো দেশটির টেলিভিশনে সম্প্রচার হবে না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
প্রতিবেদনে বলা হয়, প্রায় দুই বছর আগে ২০২০ সালে পূর্ব লাদাখ সীমান্তে ভারতীয় সেনাদের সঙ্গে চীনা সেনাদের সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে আহত এক চীনা সৈনিককে অলিম্পিকের মশালবাহী হিসেবে অন্তর্ভুক্তির প্রতিবাদে ভারত এই সিদ্ধান্ত নেয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, পূর্ব লাদাখের গলওয়ানে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ২০২০ সালের জুন মাসে ভারত ও চীনের সৈন্যদের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সেসময় হতাহত হন দুই পক্ষের বহু সেনা। শীতকালীন অলিম্পিকের মশালবাহীদের মধ্যে চীন এমন একজনকে বেছে নিয়েছে, যিনি ওই সংঘর্ষে আহত। এই সিদ্ধান্ত ভারতের অনেকের কাছে ‘প্ররোচনামূলক’ বলে মনে হয়েছে।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি জানান, খবরটি ভারতের নজরে এসেছে। সিদ্ধান্তটি দুঃখজনক। যার প্রতিবাদে বেইজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী ও সমাপনী অধিবেশনে যোগ দেবেন না। কারণ, অলিম্পিকের মতো একটি অনুষ্ঠান ঘিরে চীন রাজনীতি করার চেষ্টায় আছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই ঘোষণার পরপরই সরকারিভাবে ঘোষণা দেওয়া হয়, ভারতীয় কোনো টেলিভিশন অনুষ্ঠান দুটি সরাসরি সম্প্রচারণ করবে না। ৪ ফেব্রুয়ারি (শুক্রবার) থেকে চীনের রাজধানী বেইজিংয়ে শীতকালীন অলিম্পিক শুরু হচ্ছে। এই আয়োজন চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।
Posted ৫:৪১ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৪ ফেব্রুয়ারি ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh