বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২২
স্ল্যাব ভেঙে এই কুয়ায় পড়ে একসঙ্গে নারী ও শিশুসহ ১৩ জন মারা গেছেন। ছবি : সংগৃহীত
ভারতের উত্তরপ্রদেশের কুশিনগরে বিয়ের অনুষ্ঠান চলাকালীন কুয়ায় পড়ে মৃত্যু হলো অন্তত ১৩ জন নারী-শিশুর। মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। কুশিনগরের নেবুয়া নওরঙ্গিয়া গ্রামে একটি বাড়িতে চলছিল বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান। বাড়ির উঠোনে সবাই জড়ো হয়েছিলেন। উঠোনেই একটি পুরনো কুয়ো কংক্রিটের স্ল্যাব দিয়ে ঢাকা ছিল। সেখানে কেউ বসে, আবার কেউ দাঁড়িয়ে দেখছিলেন গায়ে হলুদের অনুষ্ঠান। এমন সময় ভেঙে পড়ে কংক্রিটের স্ল্যাবটি। অন্তত ২৫ থেকে ৩০ জন নারী ও শিশু পড়ে যান কুয়োর ভিতরে।
মুহূর্তে হুলস্থুল পড়ে যায় বিয়েবাড়িতে। উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন সকলে। গ্রামবাসীরা শিশু ও নারী মিলিয়ে ১৫ জনকে উদ্ধার করতে পেরেছে। ১৩ জনের মৃত্যু হয়েছে পানিতে ডুবে। মৃতদের মধ্যে রয়েছেন নারী ও শিশু।
জেলা প্রশাসক এস রাজালিঙ্গম বলেন, কুয়োয় পড়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। বিয়ের অনুষ্ঠান চলাকালীন দুর্ঘটনাটি ঘটে। জানতে পেরেছি, নারীরা বাচ্চাদের নিয়ে কুয়ো ঢাকার স্ল্যাবের উপর বসে ছিলেন। কেউ কেউ দাঁড়িয়েও ছিলেন। কিন্তু স্ল্যাবটি ভার ধরে রাখতে পারেনি। স্ল্যাব ভেঙে সবাই কুয়োয় পড়ে যান।
মৃতদের পরিবারকে এককালীন ৪ লাখ টাকা আর্থিক সহায়তা দেয়ার কথা ঘোষণা করেছেন সরকারি কর্মকর্তারা। ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের বিদায়ী মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ।
Posted ৬:১২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh