বাংলাদেশ অনলাইন : | সোমবার, ০৭ মার্চ ২০২২
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি গুপ্তহত্যার শিকার হলে তার আপদকালীন প্রস্তুতি নিয়ে রেখেছে ইউক্রেন সরকার। সম্ভাব্য রুশ হামলায় ইউক্রেনের প্রেসিডেন্ট নিহত হলে কী হবে, এমন এক প্রশ্নের জবাবে এ কথা জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। জেলেনস্কিকে যদি হত্যা করা হয়, তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর পরিণাম ভোগ করবেন কিনা, ফেস দ্য নেশনের উপস্থাপিকা মার্গারেট ব্রেনানের এমন প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, জেলেনস্কি ও তার সরকার রুশ আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়তার পরিচয় দিচ্ছে। দেশটির সাধারণ জনগণও অনেক সাহস দেখাচ্ছে।
তিনি বলেন, জেলেনস্কি গুপ্তহত্যার শিকার হলে জরুরি প্রস্তুতি নিয়ে রেখেছে ইউক্রেন সরকার। তাকে ছাড়া সরকার কীভাবে কাজ করবে এ প্রস্তুতি নেয়া আছে। তবে বিষয়টি সংবেদনশীল হওয়ায় এ নিয়ে বিস্তারিত তথ্য শেয়ারে অপারগতা প্রকাশ করেন অ্যান্টনি ব্লিংকেন। বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনে জানা গেছে, রাশিয়ার এ আগ্রাসনের অন্যতম লক্ষ হচ্ছে জেলেনস্কি নেতৃত্বাধীন ইউক্রেন সরকারকে হটানো।
গত শুক্রবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম টাইমসের খবরে বলা হয়েছে, গত এক সপ্তাহের মধ্যেই তিনবার জেলেনস্কিকে হত্যার চেষ্টা করেছে রুশ-সমর্থিত গোষ্ঠীগুলো। কিন্তু তিনি বেঁচে গেছেন। জেলেনস্কিও বেশ কয়েকবার তার প্রাণহানীর আশঙ্কা প্রকাশ করেছেন। নিজ দেশকে রক্ষায় বিশ্বনেতাদের সঙ্গে আলাপ জারি রেখেছেন তিনি। যুক্তরাষ্ট্রও তাকে নিরাপদে সরিয়ে নেয়ার প্রস্তাব দেয়। কিন্তু সেটি প্রত্যাখ্যান করে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমি এবং আমরা আমাদের দেশ রক্ষা করবো। আমার অস্ত্র প্রয়োজন; ভ্রমণ নয়।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তিনি গতকালও প্রায় ত্রিশ মিনিট ফোনালাপ করেছেন। নিরাপত্তা, আর্থিক সহায়তা ও রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা অব্যাহত রাখার ব্যাপারে আলাপ করেন তারা। এদিকে, ৭ মার্চ (সোমবার) তৃতীয় দফায় বৈঠকে বসতে যাচ্ছে মস্কো-কিয়েভ। আগের দুটি বৈঠক কোনো সুনির্দিষ্ট ফলাফল ছাড়া শেষ হয়েছিল।
Posted ৯:১৮ পূর্বাহ্ণ | সোমবার, ০৭ মার্চ ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh