বাংলাদেশ অনলাইন : | শনিবার, ১২ মার্চ ২০২২
ছবি : সংগৃহীত
সন্ত্রাসবাদ-সম্পর্কিত বিভিন্ন ধরনের অপরাধের দায়ে একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। যা গত বছরে পুরো সময়জুড়ে মৃত্যুদণ্ড কার্যকরের মোট সংখ্যাকে ছাড়িয়ে গেছে। ১২ মার্চ (শনিবার) সৌদির রাষ্ট্রায়ত্ত সংবাদসংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে ফরাসি বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এসপিএ বলছে, ৮১ জনের সবাই একাধিক ঘৃণ্য অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। তারা জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) অথবা আল-কায়েদা, ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী অথবা ‘অন্যান্য সন্ত্রাসী সংগঠনের’ সাথে জড়িত থাকার অভিযোগ স্বীকার করেছিলেন। অভিযুক্তরা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্থাপনায় হামলার পরিকল্পনা অথবা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্যবস্তু বানানো অথবা হত্যা অথবা দেশে অস্ত্রপাচার করেছিল বলে এসপিএর প্রতিবেদনে জানানো হয়েছে।
মৃত্যুদণ্ড কার্যকর করা ৮১ জনের মধ্যে ৭৩ জনই সৌদি আরবের নাগরিক। এছাড়া সাতজন ইয়েমেন এবং একজন সিরিয়ার নাগরিক। এসপিএ বলেছে, যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তাদের প্রত্যেকের জন্য সৌদি আরবের আদালতে পৃথক তিনটি পর্যায়ে ১৩ জন বিচারকের তত্ত্বাবধানে মামলার কার্যক্রম পরিচালনা করা হয়েছিল। বিশ্বে মৃত্যুদণ্ডে কার্যকরের হারে সবার ওপরে রয়েছে তেলসমৃদ্ধ উপসাগরীয় ধনী দেশ সৌদি আরব। শনিবারের এই ঘোষণার মাধ্যমে দেশটিতে একদিনে মৃত্যুদণ্ড কার্যকরের সর্বোচ্চ রেকর্ড হয়েছে। এর আগে, গত বছর দেশটিতে মোট ৬৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।
Posted ৫:৪৯ অপরাহ্ণ | শনিবার, ১২ মার্চ ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh