বাংলাদেশ অনলাইন : | বুধবার, ১৪ মে ২০২৫
ছবি : সংগৃহীত
বাংলাদেশের তৈরি পোশাক খাত আবারও প্রমাণ করেছে এর বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতা। চলতি ২০২৪-২৫ অর্থবছরের (জুলাই-এপ্রিল) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশের তৈরি পোশাক রপ্তানি প্রবৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ, যা আয় হিসেবে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৬৪ বিলিয়ন মার্কিন ডলারে।
ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকা বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার। এ সময়ের মধ্যে মোট রপ্তানির প্রায় অর্ধেক ৪৯ দশমিক ৭৮ শতাংশ (১৬ দশমিক ২৫ বিলিয়ন ডলার) গেছে ইউরোপে। আমেরিকায় রপ্তানি আয় দাঁড়িয়েছে ৬ দশমিক ২৩ বিলিয়ন ডলার, যা মোট রপ্তানির ১৯ দশমিক ৯ শতাংশ। বিশ্লেষণে দেখা যায়, ইউরোপে প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ৫৫ শতাংশ, যুক্তরাষ্ট্রে ১৫ দশমিক ৭৫ শতাংশ, কানাডায় ১৩ দশমিক ৮৬ শতাংশ এবং যুক্তরাজ্যে ৩ দশমিক ৪১ শতাংশ।
ইউরোপের মধ্যে সবচেয়ে বড় আমদানিকারক হিসেবে উঠে এসেছে জার্মানি, যেখানে রপ্তানি হয়েছে ৪ দশমিক ৮ বিলিয়ন ডলারের পণ্য। এ ছাড়া, স্পেনে ২ দশমিক ৮৫ বিলিয়ন এবং ফ্রান্সে ১ দশমিক ৭৮ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়েছে। নেদারল্যান্ডসে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ২২ দশমিক ৯০ শতাংশ এবং সুইডেনে ১৯ দশমিক ৬৭ শতাংশ।
এ ছাড়া, অপ্রচলিত বাজারেও রপ্তানি বেড়েছে ৬ দশমিক ২৫ শতাংশ। যার আর্থিক মূল্য ৫ দশমিক ৪৮ বিলিয়ন ডলার, যা মোট রপ্তানির ১৬ দশমিক ৭৯ শতাংশ। এই বাজারগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ভারতে ১৮ দশমিক ৮৫ শতাংশ প্রবৃদ্ধি, জাপানে ১০ দশমিক ৪১ শতাংশ প্রবৃদ্ধি এবং অস্ট্রেলিয়ায় গুরুত্বপূর্ণ বাজার হিসেবে আবির্ভূত হয়েছে। উৎপাদন খাত বিশ্লেষণে দেখা গেছে, নিটওয়্যারে ১০ দশমিক ৭৪ শতাংশ বৃদ্ধি এবং ওভেনে ৯ দশমিক ১৭ শতাংশ বৃদ্ধি হয়েছে।
তবে এই সাফল্যের মধ্যেও রপ্তানিকারকদের মনে কিছুটা উদ্বেগ রয়ে গেছে। বিশেষ করে, মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য শুল্কনীতি নিয়ে রয়েছে অনিশ্চয়তা। যদিও বর্তমানে তিন মাসের জন্য বাড়তি শুল্ক স্থগিত রয়েছে, তবু ক্রেতারা ১০-১৫ শতাংশ কম দামে পোশাক নিচ্ছেন। ফলে ব্যবসায়ীদের কম মুনাফায় রপ্তানি করতে হচ্ছে।
এ প্রসঙ্গে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, বিশ্বব্যাপী সংকটের মধ্যেও বাংলাদেশ ভালো করেছে। তবে দীর্ঘমেয়াদে টিকে থাকতে হলে অপ্রচলিত বাজারে আরও মনোযোগ দিতে হবে এবং রপ্তানির বৈচিত্র্য বাড়াতে হবে।
Posted ৯:৫১ পূর্বাহ্ণ | বুধবার, ১৪ মে ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh