বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
ছবি : সংগৃহীত
গাজায় ‘তাৎক্ষণিক যুদ্ধবিরতি’র আহ্বান জানিয়েছেন পোপ লিও চতুর্দশ। তিনি সংলাপ, পুনর্মিলন ও দীর্ঘস্থায়ী শান্তির আশা ব্যক্ত করেছেন। গাজার একটি ক্যাথলিক চার্চে আশ্রয় নেওয়া বেসামরিকদের ওপর ইসরায়েলি হামলার পর বৃহস্পতিবার তিনি এই আহ্বান জানান। ভ্যাটিকান সেক্রেটারি অব স্টেট কার্ডিনাল পিয়েত্রো পারোলিনের স্বাক্ষর করা এক টেলিগ্রামে এই আহ্বান জানানো হয়। বার্তায় বলা হয়, গাজার হোলি ফ্যামিলি চার্চে ইসরায়েলি সামরিক অভিযানের সময় হামলা চালানো হয়েছে।
পোপ বলেন, যুদ্ধে শুরু থেকে পাঁচ শতাধিক মানুষের আশ্রয়দাতা ওই গির্জায় হামলায় তিনি গভীরভাবে মর্মাহত।
আহতদের মধ্যে ছিলেন গির্জার যাজক ফাদার গ্যাব্রিয়েল রোমানেল্লি। তিনি পায়ে হালকা আঘাত পান এবং গাজা সিটির আল-আহলি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন।
গাজায় চলমান রক্তক্ষয়ী আগ্রাসনের অংশ হিসেবে ইসরায়েলি বাহিনী একাধিক উপাসনালয়ে বোমা হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে গাজা ব্যাপটিস্ট চার্চ এবং সেন্ট পোরফিরিয়াস গ্রিক অর্থোডক্স চার্চ। এটি গাজার সবচেয়ে প্রাচীন এবং বিশ্বের তৃতীয় প্রাচীনতম চার্চ।
হোলি ফ্যামিলি চার্চ গাজার একমাত্র ক্যাথলিক চার্চ যেখানে ২০২৩ সালের অক্টোবর থেকে গৃহহীন খ্রিস্টান ও মুসলিম ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছে।
আন্তর্জাতিক যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইসরায়েলি বাহিনী ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ভয়াবহ হামলা চালিয়ে আসছে, যেখানে এখন পর্যন্ত প্রায় ৫৮ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।
গত নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
Posted ১০:০৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh