শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

খালেদা জিয়া আধুনিক অর্থনীতির অন্যতম রূপকার : মির্জা ফখরুল

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬

খালেদা জিয়া আধুনিক অর্থনীতির অন্যতম রূপকার : মির্জা ফখরুল

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়া শুধু গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রতীকই নন, তিনি ছিলেন দেশের আধুনিক ও বাজারভিত্তিক অর্থনীতির অন্যতম রূপকার। রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রযাত্রায় তিনি একটি স্থায়ী ছাপ রেখে গেছেন। সোমবার (৫ জানুয়ারি) বিকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড বলরুমে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশ এবং ব্যবসায়ীদের ১৭টি সংগঠন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আইসিসি-বি সভাপতি মাহবুবুর রহমান, ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ, বিজিএমইএর জ্যেষ্ঠ সহ-সভাপতি ইনামুল হক খান, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম এবং ওষুধ শিল্প সমিতির সভাপতি আবদুল মুক্তাদির।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া দেশের অর্থনৈতিক সমৃদ্ধির ভিত গড়ে দিয়েছিলেন। এক্ষেত্রে তার অবিচল নিষ্ঠা, দূরদর্শিতা ও যুগান্তকারী দিকনির্দেশনা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ব্যক্তিখাত ও প্রাইভেট খাতে যে অনুপ্রেরণা দিয়েছিলেন, তা তিনি ধারণ করেছিলেন। ধনী-দরিদ্র নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে তিনি দেশকে সামগ্রিক উন্নয়নের পথে এগিয়ে নিয়েছেন।

তিনি বলেন, খালেদা জিয়া ছিলেন সত্যিকার অর্থে গণতন্ত্রের একজন আইকন। সাধারণ মানুষ তার মধ্যে বাংলাদেশকে খুঁজে পেয়েছিল, নিজের ভবিষ্যৎ দেখতে পেয়েছিল। গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠায় তার অবদান কখনও অস্বীকার করা যাবে না। তিনি কষ্ট করেছেন, কারাবরণ করেছেন। একজন রাজনৈতিক নেত্রী হয়েও তিনি ছিলেন গোটা জাতির নেত্রী।

এ সময় ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশবাসীর উদ্দেশে প্রতিশোধ ও প্রতিহিংসা পরিহার করে ঐক্য ও ভালোবাসার মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে বার্তা খালেদা জিয়া দিয়েছিলেন, সেটিও তুলে ধরেন তিনি।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার রেখে যাওয়া স্বপ্ন ও কাজ আমাদের বাস্তবায়ন করতে হবে। এ সময় কবি আল মাহমুদের লেখা কবিতা ‘তোমার মুখের দিকে চেয়ে আছে বাংলার ভোরের আকাশ’ আবৃত্তি করেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, বেগম খালেদা জিয়া প্রাইভেট ও পাবলিক সেক্টরের মধ্যে একটি ‘ইউনিক কম্বিনেশন’ তৈরি করেছিলেন। পরিকল্পনা মন্ত্রণালয়ে দায়িত্ব পালনের সময় তার নির্দেশনা থেকেই বিষয়টি তিনি উপলব্ধি করেছেন বলে জানান।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জিয়াউর রহমানের প্রবর্তিত ব্যক্তিখাতভিত্তিক অর্থনৈতিক দর্শনকে খালেদা জিয়া এগিয়ে নিয়েছিলেন। গণতন্ত্রের পাশাপাশি অর্থনীতিতেও তার অবদান ছিল গুরুত্বপূর্ণ। বহুমুখী পররাষ্ট্রনীতির মাধ্যমে তিনি বাংলাদেশকে আন্তর্জাতিক পরিসরে পরিচিত করেছেন।

স্বাগত বক্তব্যে আইসিসি-বি সভাপতি মাহবুবুর রহমান বলেন, সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করতে খালেদা জিয়ার নেতৃত্ব জাতীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।

ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, ১৯৯১ সালে দায়িত্ব নেওয়ার পর স্থবির অর্থনীতিকে সচল করতে মুক্ত বাজার, বেসরকারি খাতনির্ভর উন্নয়ন ও উদ্যোক্তাবান্ধব নীতি গ্রহণ করেন খালেদা জিয়া। ভ্যাট আইন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আইন, প্রাইভেটাইজেশন বোর্ড এবং সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন গঠনের মাধ্যমে অর্থনীতির ভিত শক্তিশালী করেন।

বিজিএমইএর জ্যেষ্ঠ সহ-সভাপতি ইনামুল হক খান বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তার অবদান জাতি চিরদিন স্মরণ করবে। বিসিআই সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী বলেন, সংসদীয় গণতন্ত্র, প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষাই ছিল তার রাজনৈতিক জীবনের মূল দর্শন।

বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, পোশাক শিল্পের বিকাশে খালেদা জিয়ার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তিনি কথা কম বলতেন, সমস্যা বেশি শুনতেন এবং কার্যকর সমাধান দিতেন। ওষুধ শিল্প সমিতির সভাপতি আবদুল মুক্তাদির বলেন, ১৯৯৪ সালে ওষুধ শিল্পে নেওয়া তার সাহসী সিদ্ধান্তের সুফল আজ দৃশ্যমান।

Posted ৯:৪৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2230 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.