বাংলাদেশ অনলাইন : | সোমবার, ১৮ আগস্ট ২০২৫
ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনের ঘোষিত প্যানেলে ভিপি (ভাইস প্রেসিডেন্ট) পদে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাবি শাখার সাবেক সভাপতি আবু সাদিক কায়েম।
জিএস (সাধারণ সম্পাদক) পদে মনোনয়ন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি এস এম ফরহাদ। আর এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাখার সেক্রেটারি মহিউদ্দিন খান।
সোমবার (১৮ আগস্ট) মনোনয়ন ফরম সংগ্রহ শেষে চিফ রিটার্নিং কর্মকর্তার দপ্তরের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা দেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।
সংগঠনটি জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিতে ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে। ঘোষিত প্যানেলে ভিপি পদে রয়েছেন সাদিক কায়েম, সাধারণ সম্পাদক পদে এস এম ফরহাদ এবং সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন মহিউদ্দিন খান। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন ইনকিলাব মঞ্চ থেকে যুক্ত হয়েছেন ফাতিমা তাসনীম জুমা।
সোমবার চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন ফর্ম তুলে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
প্যানেলে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে রয়েছেন ইকবাল হায়দার, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে সালমা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে রয়েছেন খান জসীম, যিনি জুলাইয়ের আন্দোলনে চোখ হারান।
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে রয়েছেন নুরুল ইসলাম সাব্বির, যিনি বর্তমানে ঢাবি শিবিরের অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ক্রীড়া সম্পাদক পদে আছেন আরমান হোসেন, ছাত্র পরিবহণ সম্পাদক পদে আসিফ আব্দুল্লাহ, আর সমাজসেবা সম্পাদক পদে প্রার্থী হয়েছেন শরিফুল ইসলাম মুয়াজ।
এছাড়া গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে রয়েছেন ঢাবি শিবিরের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসাইন খান, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মিনহাজ এবং মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক পদে রয়েছেন সাখাওয়াত জাকারিয়া। ঘোষিত প্যানেলে আরও ১৩টি সদস্য পদ রাখা হয়েছে।
Posted ৪:৫৮ অপরাহ্ণ | সোমবার, ১৮ আগস্ট ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh