বাংলাদেশ অনলাইন : | সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫
জনপ্রিয় অভিনেতা আহমেদ শরীফ। ছবি : সংগৃহীত
ঢালিউড থেকে অনেক আগেই নিজেকে গুটিয়ে নিয়েছেন জনপ্রিয় খলনায়ক আহমেদ শরীফ। স্ত্রী-সন্তান নিয়ে থিতু হয়েছেন যুক্তরাষ্ট্রে। মাঝে মধ্যে দেশে আসেন তিনি। তবে নিজের চেনা অঙ্গন ঢালিউড নিয়ে আশার কথা শোনা যায় না তার কণ্ঠে। এবারও হতাশা। তিনি মনে করেন, দেশে থাকলে হয়তো আজ তাকে ভিক্ষা করে খেতে হতো।
রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর এফডিসিতে প্রয়াত শিল্পীদের আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘চলচ্চিত্রে কজন মানুষ আছে যে নিশ্চিত করে বলবে তার দুই বেলা খাওয়ার ব্যবস্থা আছে? নেই, যদি মিথ্যা না বলি তাহলে নেই। মিথ্যা কথা নয়, সবাই বলছে শরীফ ভাই ঠিক জায়গায় আঘাত করেছে।’
আহমেদ শরীফ বলেন, ‘আজকে যদি আমি বাংলাদেশে থাকতাম, আমি নিশ্চিত করে বলতে পারি আমাকে হাত পেতে লোকেদের কাছে ভিক্ষা করে খেতে হতো। বলতাম ভাই, আমার বাড়িতে খাবার নেই, বউ-বাচ্চাকে খাবার দিতে পারছি না, আমাকে টাকা দাও।’
দেশে টিকে থাকার সংগ্রামের কারণে অনেক শিল্পীই বাধ্য হয়ে বিদেশে পাড়ি জমাচ্ছেন বলে উল্লেখ করেন তিনি।‘আজকে আমি দেখছি অনেক শিল্পী দেশের বাইরে চলে যাচ্ছে। শুধু ফিল্মের নয়, টিভিরও অনেক শিল্পী চলে যাচ্ছে। কারণ দেশে আনন্দ বিনোদন কিংবা নিশ্চিন্ত থাকারও সুযোগ নেই। আমরা চাই দেশ ভালো করুক, মঙ্গল করুক।’
শিল্পীদের জন্য নিশ্চিত জীবনব্যবস্থা প্রয়োজন বলে মত দিয়েছেন এই খলঅভিনেতা। তিনি বলেন, ‘আমি আগামীতে যদি দেশে আসি সরকারের কাছে চাইব- শিল্পীদের নিশ্চিত ব্যবস্থা থাকতে হবে। শিল্পীরা নিশ্চিত ব্যবস্থা যেন পায় আমি সরকারের কাছে চাইব।’
আহমেদ শরীফকে সবশেষে দেখা গেছে ‘রাজকুমার’ সিনেমায়। হিমেল আশরাফ পরিচালিত এ ছবির কেন্দ্রীয় চরিত্রে ছিলেন শাকিব খান।
Posted ১০:০২ পূর্বাহ্ণ | সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh