বাংলাদেশ অনলাইন ডেস্ক : | বুধবার, ১২ আগস্ট ২০২৬
ছবি : সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ সরাসরি সম্প্রচার হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। ১১ আগস্ট (মঙ্গলবার) রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি নিয়ে জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বৈঠক শেষে সাংবাদিকদের বিষয়টি জানান তিনি।
রাষ্ট্রপতি পদে ভোটদানের পদ্ধতি নিয়ে আখতার আহমেদ বলেন, সংসদ সদস্যরা (এমপি) তাদের নিজ নিজ আসনে বসবেন। নির্বাচন কমিশনের সহায়তাকারী কর্মকর্তারা (স্পিকারসহ ২০ জন) ব্যালট পেপার সদস্যদের কাছে পৌঁছে দেবেন। সদস্যরা তাদের পছন্দের প্রার্থীকে চিহ্নিত করে সামনে রাখা তিনটি ব্যালট বাক্সের যেকোনোটিতে ভোট দেবেন।
ইসি সচিব বলেন, ভোটগ্রহণ শেষ হওয়ার পর তাৎক্ষণিকভাবে অধিবেশনকক্ষেই ভোট গণনা করা হবে। মোট ব্যালটসংখ্যা ৩৪৯। গণনা শেষে প্রাথমিক ফলাফল সেখানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ঘোষণা করবেন এবং পরে সচিবালয় থেকে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে। নির্বাচনী প্রক্রিয়া সংসদ থেকে সরাসরি সম্প্রচার করা হবে এবং সংবাদকর্মীদের জন্য নির্ধারিত বসার ব্যবস্থা থাকবে।
তিনি বলেন, ব্যালট পেপারের দুটি অংশ থাকবে। একটা হচ্ছে মুড়ি, এতে ক্রমিক নম্বর, ভোটারের নাম, বিভক্তি নম্বর ও স্বাক্ষরের জায়গা থাকবে। অন্য অংশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম থাকবে এবং পাশে ভোটারকে নাম লিখে স্বাক্ষর করতে হবে।
প্রসঙ্গত, আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণের দিন নির্ধারিত রয়েছে। ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ হতে যাচ্ছে। সংবিধান অনুসারে, সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।
Posted ৮:০৬ পূর্বাহ্ণ | বুধবার, ১২ আগস্ট ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh