বাংলাদেশ অনলাইন : | বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
গত ১৭ বছরে দলীয় নেতাকর্মীসহ সমমনাদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে আগামী সপ্তাহে চিঠি দেবে বিএনপি। গত ১৬ সেপ্টেম্বর রাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে (ভার্চুয়ালি) গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের জাতীয় স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী এ চিঠি দেওয়া হবে। ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২০০৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিএনপি ও বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা, গায়েবী ও বানোয়াট মামলা প্রত্যাহারের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় আগামী সপ্তাহের মধ্যে বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা, বানোয়াট ও গায়েবী মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে আইনজীবী ফোরামের সব জেলার কমিটির সঙ্গে যোগাযোগের সিদ্ধান্ত ও তালিকা প্রস্তুতের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বাণিজ্য সংস্থার প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ ও মনিটরিং করার জন্য জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বায়ক এবং ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুকে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি শিল্পে বিনিয়োগকারী এবং ব্যবসায়ী প্রতিনিধিত্বকারী সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করবে। সভায় রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা অধিকতর ও সম্প্রচারের জন্য গঠিত কমিটির আহ্বায়ক সালাহ উদ্দিন আহমেদ কমিটির গৃহীত সিদ্ধান্তসমূহ সভায় উপস্থাপন করেন। সভা তা অনুমোদন করে দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় জনপ্রশাসন, নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন ও দুর্নীতি দমন কমিশনের পুনর্গঠন বিষয়ে আলোচনা হয়। এই বিষয়গুলোর ওপরে গঠিত কমিটিগুলোকে অতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানানো হয়। এছাড়া চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
Posted ১১:১১ পূর্বাহ্ণ | বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh