বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল উদ্বোধন করছেন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া। পুরোনো ছবি
বিএনপির সর্বশেষ ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১৯ মার্চ। দলীয় গঠনতন্ত্র এবং গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুসারে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তিন বছর পরপর কাউন্সিল করার বাধ্যবাধকতা রয়েছে। দলটির দায়িত্বশীলরা বলছেন, আওয়ামী লীগ শাসনামলে বিএনপির ওপর হামলা-মামলা, দমন-পীড়ন, অত্যাচার-নির্যাতনসহ নানা কারণে তারা দলের জাতীয় কাউন্সিল সম্পন্ন করতে পারেননি। বর্তমানে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলকে শক্তিশালী করার লক্ষ্যে এখন জাতীয় কাউন্সিল নিয়ে ভাবছে বিএনপি।
এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, স্বৈরাচারী সরকারের সীমাহীন নির্যাতনে বিএনপি তখন স্বাভাবিক দলীয় কর্মকাণ্ড চালাতে পারেনি। তাই উদ্যোগ নেওয়ার পরও দলের জাতীয় কাউন্সিল করা সম্ভব হয়নি। এখন রাজনীতির পরিবেশ এসেছে। তাই দলের জাতীয় কাউন্সিলও হবে। দলের নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকেও এ নিয়ে আলোচনা হচ্ছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিলেই কাউন্সিল কর্মকাণ্ড শুরু হবে। কাউন্সিলের মধ্য দিয়ে দল আরও শক্তিশালী হবে।
জানা যায়, ৫ আগস্টের পর অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির প্রত্যেকটি বৈঠকে জাতীয় কাউন্সিল নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে অংশ নেওয়া অধিকাংশ নেতা কাউন্সিল করার পক্ষে অভিমত দিয়েছেন। কাউন্সিলের ব্যাপারে বৈঠকে ইতিবাচক আলোচনাও হয়েছে। বৈঠক থেকে কাউন্সিলের দিনক্ষণ ঘোষণার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য জানান, আইনি প্রক্রিয়া শেষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী বছরের জানুয়ারিতে দেশে ফিরতে পারেন। এরপরই জাতীয় কাউন্সিল হওয়ার সম্ভাবনা বেশি।
বিএনপির নেতা-কর্মীরা বলছেন, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ‘স্বৈরাচার’ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে পাল্টে যায় রাজনৈতিক দৃশ্যপট। ফলে দেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি মুক্ত বাতাসে স্বস্তির রাজনীতি শুরু করে। দলকে শক্তিশালী করার অংশ হিসেবে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ব্যাপকহারে ত্রাণ বিতরণ; দলীয় শৃঙ্খলা ধরে রাখাসহ দলের জাতীয় কাউন্সিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তারা বলছেন, আগামী নির্বাচন সামনে রেখে সংগঠনকে চাঙা করতে কাউন্সিলের বিকল্প নেই। এ কারণে বিএনপিসহ অঙ্গসহযোগী সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দেওয়া হচ্ছে।
দায়িত্বশীলরা বলছেন, এবার কাউন্সিলে থাকছে নতুন-নতুন চমক। পরিবর্তন হবে দলের সংবিধানের কিছু ধারা-উপধারার। দীর্ঘ আট বছর পর দলের কাউন্সিলে ১৬ বছর রাজপথে থাকা নেতাদের আমলনামা অনুসারে ভাগ্য নির্ধারণ হবে। যোগ্য, ত্যাগী ও পরীক্ষিত নেতাদের গুরুত্বপূর্ণ পদে-পদায়ন করে নবরূপে সাজানো হবে বিএনপিকে।
Posted ৯:৫৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh