বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
ছবি : সংগৃহীত
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন এবং ইসলামিক খিলাফত নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। ১৭ মার্চ (সোমবার) রাতে এক বিবৃতিতে সরকারের পক্ষ থেকে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগ ও হতাশার সঙ্গে তুলসী গ্যাবার্ডের বক্তব্য লক্ষ্য করেছি, যেখানে তিনি বাংলাদেশে সংখ্যালঘুদের ‘নিপীড়ন ও হত্যা’ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এবং বলেন, ইসলামপন্থী সন্ত্রাসীদের হুমকি এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বৈশ্বিক তৎপরতা একই আদর্শ ও লক্ষ্য দ্বারা পরিচালিত হয়, যেটি হচ্ছে ইসলামিক খিলাফতের মাধ্যমে শাসন করা।’
এমন মন্তব্যকে বিভ্রান্তিকর এবং বাংলাদেশকে ক্ষতিকরভাবে উপস্থাপন করার চেষ্টা হিসেবে দেখছে সরকার। তারা দাবি করেছে, বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ইসলাম চর্চার জন্য পরিচিত এবং চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অনেক অগ্রগতি সাধন করেছে।
সরকারের বিবৃতিতে আরও বলা হয়েছে, গ্যাবার্ডের মন্তব্য কোনো নির্দিষ্ট প্রমাণ বা অভিযোগের ভিত্তিতে করা হয়নি। বাংলাদেশের আন্তর্জাতিক সহকর্মী দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্বে সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টা অপরিসীম, এবং এ ধরনের মন্তব্য দেশের শান্তি ও উন্নয়নের প্রচেষ্টাকে ছোট করার চেষ্টা।
তুলসী গ্যাবার্ডের মন্তব্যে বাংলাদেশকে ইসলামিক খিলাফতের সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হয়েছে, যা বাংলাদেশের জনগণ এবং আন্তর্জাতিক সহযোগীদের পরিশ্রমকে অস্বীকার করার মতো। সরকার কঠোরভাবে ‘ইসলামিক খিলাফত’ ধারণার সঙ্গে নিজেদের সম্পর্ককে অস্বীকার করেছে।
এছাড়া, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, রাজনৈতিক নেতাদের এবং দায়িত্বশীল ব্যক্তিদের উচিত যেকোনো বিষয়ে মন্তব্য করার আগে সেই বিষয়ে সম্পূর্ণ ধারণা গ্রহণ করা এবং সমাজে বিভেদ ও উত্তেজনা সৃষ্টির মতো কিছু মন্তব্য থেকে বিরত থাকা। বাংলাদেশ সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে বৈশ্বিক প্রচেষ্টাকে সমর্থন করে এবং গঠনমূলক সংলাপের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, যা দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে সম্মান জানিয়ে হবে।
Posted ৯:১০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh