বাংলাদেশ অনলাইন : | সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
ছবি : সংগৃহীত
টাঙ্গাইলের সখিপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুসহ তিনজন নিহত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কালমেঘা বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— কালিদাস পানাউল্লাহ পাড়ার মোহাম্মদ আলীর ছেলে আবির (১৫), কালিদাস বল্লাচালা গ্রামের মইনদ্দিনের ছেলে লিখন (১৫) এবং ফুলঝুঁড়িপাড়া এলাকার রউফ মিয়ার ছেলে সাব্বির (২০)।
নিহত দুই কিশোর আবির ও লিখন কালিদাস কলতান বিদ্যানিকেতনের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে কালমেঘা–নলুয়া সড়কের বেলতলী এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবিরকে মৃত ঘোষণা করেন।
আহত লিখনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনার প্রায় আধা ঘণ্টা পর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাব্বির (২০) মারা যান। সখিপুর থানার সেকেন্ড অফিসার মোশারফ হোসেন চৌধুরী জানান, থানায় দুটি লাশ আছে। আরেকটি রাস্তায় আছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Posted ১০:৫৪ অপরাহ্ণ | সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh