বাংলাদেশ অনলাইন ডেস্ক : | শনিবার, ২৭ জুন ২০২৬
ছবি : সংগৃহীত
বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। শুক্রবার (২৬ জুন) বিকেলে শিমুলিয়া ঘাট সংলগ্ন পদ্মাপাড়ে স্থানীয় ফুটবলপ্রেমী ও আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে একটি প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন তিনি। ম্যাচ শেষে ইঞ্জিনচালিত নৌকায় করে পদ্মা সেতু ও পদ্মা নদীর মনোরম পরিবেশ ঘুরে দেখেন।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত বলেন, ‘এখানে সবার সঙ্গে একসঙ্গে সময় কাটাতে পেরে সত্যিই আনন্দিত। আমি আশা করি, বাংলাদেশ ফুটবল খেলা চালিয়ে যাবে এবং একদিন বিশ্বকাপ ফুটবলে অংশ নেবে।’
রাষ্ট্রদূতের সফরকে কেন্দ্র করে শিমুলিয়া ঘাট এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় দলের রাষ্ট্রদূতকে একনজর দেখতে দূর-দূরান্ত থেকে শত শত আর্জেন্টিনা সমর্থক সেখানে ভিড় করেন। আকাশি-সাদা জার্সি ও জাতীয় পতাকা হাতে সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
সমর্থকদের মধ্যে ব্যতিক্রমী উপস্থিতি ছিল মুন্সিগঞ্জ সদর উপজেলার রিকাবীবাজার এলাকার বাসিন্দা মো. তুহিনের। তিনি নিজের পুরো শরীর আর্জেন্টিনার জাতীয় পতাকার আকাশি-সাদা রঙে রাঙিয়ে অনুষ্ঠানে অংশ নেন, যা উপস্থিত দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।
শিমুলিয়া ঘাটে পৌঁছে রাষ্ট্রদূত সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পরে তাদের সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন। খেলা শেষে দীর্ঘ সময় ধরে সমর্থকদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন তিনি। এ সময় অনেকেই আর্জেন্টিনার পতাকা ও জার্সি পরে নিজেদের প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. কামরুজ্জামান রতন, মোশারফ হোসেন পুস্তি, অপু চাকলাদারসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী।
রাষ্ট্রদূতের এই সফর ও প্রীতি ফুটবল ম্যাচ বাংলাদেশে আর্জেন্টিনা ফুটবল দলের বিপুল জনপ্রিয়তার আরেকটি উজ্জ্বল উদাহরণ হিসেবে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
Posted ১০:২৮ পূর্বাহ্ণ | শনিবার, ২৭ জুন ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh