বাংলাদেশ ডেস্ক : | শনিবার, ২৭ জুন ২০২৬
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ছবি : সংগৃহীত
বাংলাদেশের সার্বভৌমত্ব, বিনিয়োগ, বাণিজ্য, কর্মসংস্থান ও উন্নয়নসহ দেশের স্বার্থসংশ্লিষ্ট সব গুরুত্বপূর্ণ বিষয়ে একসঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্যে পৌঁছেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরে দুই দেশের শীর্ষ নেতৃত্ব বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার দৃঢ় আগ্রহ প্রকাশ করেছে।
শুক্রবার (২৬ জুন) রাতে মালয়েশিয়া ও চীন সফর শেষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মাহদী আমিন বলেন, সফরকালে মালয়েশিয়ার রাজা ও প্রধানমন্ত্রী এবং চীনের প্রেসিডেন্ট ও প্রিমিয়ারের সঙ্গে প্রধানমন্ত্রীর একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও গণমাধ্যমসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
তিনি বলেন, ‘চীনের প্রেসিডেন্ট স্পষ্টভাবে জানিয়েছেন, নির্বাচিত বাংলাদেশের সরকারের সঙ্গে কাজ করতে তারা আগ্রহী। বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট সব বিষয়ে একসঙ্গে কাজ করার বিষয়ে ইতোমধ্যে চীন ও মালয়েশিয়ার সঙ্গে ঐকমত্য হয়েছে।’
প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুই দেশ যে রাষ্ট্রীয় মর্যাদা, আন্তরিকতা ও লালগালিচা সংবর্ধনা দিয়েছে, তা শুধু একজন সরকারপ্রধানের জন্য নয়, বরং বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মান ও আস্থার বহিঃপ্রকাশ। জনগণের ভোটে নির্বাচিত সরকারের নেতৃত্ব আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদাকে আরও উঁচুতে নিয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
মালয়েশিয়ার শ্রমবাজার প্রসঙ্গে মাহদী আমিন জানান, দেশটির অভ্যন্তরীণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শ্রমবাজার পুনরায় চালু হলে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া চীনের প্রস্তাবিত অর্থনৈতিক করিডোরকে ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, এটি বাস্তবায়িত হলে আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ, শিল্পায়ন এবং বাংলাদেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
Posted ১২:৪৩ অপরাহ্ণ | শনিবার, ২৭ জুন ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh