বাংলাদেশ অনলাইন ডেস্ক : | মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারী বাংলাদেশি নাগরিকদের জন্য ঢাকার মার্কিন দূতাবাস গত ৫ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের সঠিক তথ্য বা ইউজারনেম (হ্যান্ডেল) উল্লেখ করা বাধ্যতামূলক করে নতুন নির্দেশনা জারি করেছে।
সোমবার (১৩ জুলাই) ঢাকাস্থ মার্কিন দূতাবাস তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় জানায়, ভিসার আবেদন ফরমে তথ্য গোপন করা বা ভুল তথ্য দেওয়া হলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রেও জটিলতা তৈরি হতে পারে।
এতে আরো বলা হয়, যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারীদের ডিএস-১৬০ আবেদন ফরমে গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারী নাম (ইউজারনেম) বা হ্যান্ডেল উল্লেখ করা বাধ্যতামূলক।
দূতাবাস জানায়, আবেদনকারীরা ফরমে দেওয়া সব তথ্য সঠিক, সম্পূর্ণ ও সত্য—এই মর্মে প্রত্যয়ন করে আবেদন জমা দেন। তাই সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত তথ্য ইচ্ছাকৃতভাবে গোপন করা বা ভুল তথ্য প্রদান করা হলে তা ভিসা প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এছাড়া, মার্কিন দূতাবাস আবেদনকারীদের আবেদনপত্র পূরণের সময় সব তথ্য যথাযথভাবে যাচাই করে দেওয়ার পরামর্শ দিয়েছে।
Posted ৯:৫৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh