বিনোদন ডেস্ক : | মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মেগান মার্কেল। ছবি : ইনস্টাগ্রাম
দীর্ঘ ছয় বছর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় থাকার পর হঠাৎ যুক্তরাজ্যে ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল দম্পতি। এরপরই খবর রটেছে, আবারও অভিনয়ে ফিরতে যাচ্ছেন ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল। প্রখ্যাত নির্মাতা গাই রিচির নেটফ্লিক্স সিরিজ ‘দ্য জেন্টলমেন’-এর তৃতীয় সিজনে তাঁর অভিনয়ের আলোচনা চলছে। এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ভ্যারাইটি।
২০০২ সালে মেডিকেল ড্রামা সিরিজ ‘জেনারেল হাসপাতাল’ দিয়ে অভিনয়ে অভিষেক হয় মেগান মার্কেলের। এরপর ‘সিএসআই’, ‘ডিল অর নো ডিল’, ‘নাইট রাইডার’, ‘ফ্রিঞ্জ’সহ জনপ্রিয় অনেক টিভি সিরিজে দেখা গেছে তাঁকে। অভিনয় করেছেন ‘রিমেম্বার মি’, ‘গেট মি টু দ্য গ্রিক’সহ কয়েকটি সিনেমায়। ‘স্যুটস’ সিরিজের সাতটি সিজনে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পান মেগান মার্কেল। ২০১৭ সালে প্রিন্স হ্যারির সঙ্গে বাগদানের মাধ্যমে রাজপরিবারে যুক্ত হওয়ার পর অভিনয় থেকে বিরতি নেন তিনি।
এর পর নেটফ্লিক্সের লাইফস্টাইল সিরিজ ‘উইথ লাভ, মেগান’-এর দুটি সিজন উপস্থাপনা করেছেন মেগান মার্কেল। অতিথি বিচারক হিসেবে হাজির হয়েছেন মাস্টারশেফ অস্ট্রেলিয়াতে। ‘ক্লোজ পার্সোনাল ফ্রেন্ডস’ সিনেমায় অতিথি শিল্পী হিসেবে নিজের চরিত্রে অভিনয় করেছেন। দ্য জেন্টলমেন সিরিজে অভিনয় করলে এটি হবে কোনো পূর্ণাঙ্গ স্ক্রিপ্টেড চরিত্রে ৯ বছর পর তাঁর প্রত্যাবর্তন।
দ্য জেন্টলমেনের দ্বিতীয় সিজন নেটফ্লিক্সে মুক্তি পাবে আগামী ৩ সেপ্টেম্বর। এখনো এর তৃতীয় সিজনের ঘোষণা আসেনি। তবে তৃতীয় সিজন তৈরি হওয়ার সম্ভাবনা জোরালো বলেই মেগানকে নিয়ে আগাম পরিকল্পনা করা হচ্ছে। মেগান যুক্ত হলে তাঁর চরিত্রটি হবে সিরিজের অন্যতম বড় আকর্ষণ। প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল দম্পতি যুক্তরাজ্যে ফেরার পর সেখানে দ্য জেন্টলমেনের তৃতীয় সিজনের শুটিং শুরু হবে।
জানা গেছে, প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল তাঁদের দুই সন্তান আর্চি এবং লিলিবেটকে যুক্তরাজ্যের একটি স্কুলে ভর্তি করিয়েছেন। সেপ্টেম্বরে তাদের ক্লাস শুরু হবে। পরিবারটি দীর্ঘ সময়ের জন্য যুক্তরাজ্যে অবস্থান করবে। ২০২০ সালে রাজপরিবারের কাজ ছেড়ে সাধারণ নাগরিক হিসেবে জীবনযাপন শুরু করেছিলেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল দম্পতি। এবার যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের কোনো অফিশিয়াল বা সরকারি দায়িত্ব পালন করবেন না তাঁরা।
Posted ১০:২১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh