বাংলাদেশ অনলাইন ডেস্ক : | সোমবার, ২৪ আগস্ট ২০২৬
বাংলাদেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে ৩৪টি দেশের। এর মধ্যে ৩১টি দেশের ক্ষেত্রে কূটনৈতিক ও সরকারি (অফিশিয়াল) পাসপোর্টধারীরা নির্দিষ্ট শর্তে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। আরও দুটি দেশের ক্ষেত্রে শুধু কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি রয়েছে। আর একটি দেশের ক্ষেত্রে সব ধরনের পাসপোর্টধারীর জন্য ভিসা অব্যাহতি কার্যকর রয়েছে। সোমবার (২৪ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহির্গমন শাখা-২ থেকে প্রকাশিত তালিকায় এসব তথ্য জানানো হয়েছে। তালিকাটি চলতি বছরের ১ জুলাই পর্যন্ত বাংলাদেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তির ভিত্তিতে তৈরি করা হয়েছে।
মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী, কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে সিঙ্গাপুর, ভিয়েতনাম, মিয়ানমার, চিলি, লাওস, বেলারুশ, কম্বোডিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, কুয়েত, রাশিয়া, শ্রীলঙ্কা, তুরস্ক, ভারত, চীন, ব্রুনেই, ওমান, ইন্দোনেশিয়া, ব্রাজিল, কাতার, বতসোয়ানা, কসোভো, দক্ষিণ কোরিয়া, সার্বিয়া, আর্জেন্টিনা, কাজাখস্তান, থাইল্যান্ড, তিমুর-লেস্তে, গাম্বিয়া, পাকিস্তান ও মঙ্গোলিয়ার সঙ্গে।
এর বাইরে জাপান ও উজবেকিস্তানের সঙ্গে শুধু কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। আর মালদ্বীপের ক্ষেত্রে সব ধরনের পাসপোর্টধারীর জন্য ভিসা অব্যাহতি রয়েছে। তবে কর্মসংস্থানের জন্য মালদ্বীপে যেতে হলে এই সুবিধা প্রযোজ্য হবে না।
বেশিরভাগ চুক্তিতে ৩০ থেকে ৯০ দিন থাকার সুযোগ
তালিকায় দেখা যায়, দেশভেদে ভিসা অব্যাহতির মেয়াদ ভিন্ন। দক্ষিণ কোরিয়া ও মালদ্বীপের ক্ষেত্রে দুই দেশের নাগরিকদের সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত ভিসা ছাড়া থাকার সুযোগ রয়েছে। তবে কর্মসংস্থানের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য নয়। চীন ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক, সরকারি ও সাধারণ সরকারি চাকরির পাসপোর্টধারীদের জন্য পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। এ চুক্তিতে থাকার নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি। সিঙ্গাপুরের সঙ্গে চুক্তিতে ৯০ দিন, ভিয়েতনাম, মিয়ানমার, চিলি, তুরস্ক, লাওস ও বেলারুশের সঙ্গে ৯০ দিন পর্যন্ত থাকার সুযোগ রয়েছে। ভারতীয় কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য এই মেয়াদ ৪৫ দিন।
ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, রাশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ব্রুনেই, ওমান, সার্বিয়া, ব্রাজিল, কাতার, কসোভো, বতসোয়ানা, আর্জেন্টিনা, কাজাখস্তান ও পাকিস্তানের সঙ্গে চুক্তিতে সাধারণত ৩০ দিনের ভিসা অব্যাহতি সুবিধা রয়েছে।
কিছু চুক্তি এখনো কার্যকর হয়নি
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় কয়েকটি চুক্তিকে ‘প্রস্তাবিত ভিসা ওয়েভার অ্যাগ্রিমেন্ট’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তিমুর-লেস্তের সঙ্গে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর চুক্তি স্বাক্ষর হলেও এটি এখনো কার্যকর হয়নি। মঙ্গোলিয়ার সঙ্গে ২০২৫ সালের ১১ ডিসেম্বর এবং উজবেকিস্তানের সঙ্গে ২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর চুক্তি স্বাক্ষর হলেও এসব চুক্তিও এখনো কার্যকর হয়নি। গাম্বিয়ার সঙ্গে ২০২৫ সালের ১৩ মার্চ চুক্তি স্বাক্ষর হয়েছে।
তালিকায় এ চুক্তির আওতায় ৯০ দিনের ভিসা অব্যাহতির কথা বলা হলেও এটিকে প্রস্তাবিত ভিসা ওয়েভার অ্যাগ্রিমেন্ট হিসেবে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, পাকিস্তানের সঙ্গে ২০২৫ সালের ২৪ আগস্ট ঢাকায় স্বাক্ষরিত চুক্তিতে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য ৩০ দিনের ভিসা অব্যাহতি রয়েছে।
Posted ১০:৩২ অপরাহ্ণ | সোমবার, ২৪ আগস্ট ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh