বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
অধ্যাপক নিয়াজ আহমেদ খান। ছবি : সংগৃহীত
দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চ্যুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। তিনি জানান, একটি বিশেষ মুহূর্তে দায়িত্ব নিলেও বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখন ভালো রয়েছে। ফলে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান, যেন পরের রাজনৈতিক সরকার প্রশাসন গুছিয়ে নিতে পারে।
উপাচার্য বলেন, খুব বিশেষ ধরনের পরিস্থিতিতে আমরা দায়িত্ব নিয়েছিলাম। বিশ্ববিদ্যালয় কার্যত অচল ছিল, একাডেমিক কর্মকাণ্ড বন্ধ ছিল, হলগুলো ভাসমান অবস্থায় ছিল এবং প্রশাসনিক কাঠামো অকেজো হয়ে পড়েছিল। প্রায় দেড় বছর পর আমরা মোটামুটি একটি ভালো অবস্থানে আছি। বিশ্ববিদ্যালয়ের সার্বিক একটি উর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।
‘আমি এখন মনে করছি, এটি একটি দায়িত্ব পালনের পর্বে আমরা একটি ভালো পর্যায়ে আছি এবং আমি সরে দাঁড়াতে চাই। তবে এই মুহূর্তে যেন কোনো শূন্যতা না হয় এবং ধারাবাহিকতা অসুবিধায় না পড়ে, সেজন্য আমাকে যদি সরকার ও অংশীজনরা কিছু সময় নিতে চান, আমি সেটি বিবেচনা করতে রাজি আছি।’
তিনি বলেন, ‘(নির্বাচনের পর) একটি নিয়মিত রাজনৈতিক সরকার দায়িত্ব নেবে এবং আমরা তাদেরকে পূর্ণ সহযোগিতা করব। আমি সরে দাঁড়াতে চাই যাতে রাজনৈতিক সরকার তার মত করে তার প্রশাসন সাজিয়ে নিতে পারে।
সেই ক্ষেত্রে যদি তাদের কোনো আমার সহযোগিতা দরকার হয়, আমি যেকোনো সময় প্রস্তুত।’
উপাচার্য বলেন, ‘আমি এখন ডেপুটেশনে আছি, ডেপুটেশন থেকে আমি অব্যাহতি চাইব এবং আমি আমার যে মূল কাজ, শিক্ষকতা, সেখানে আমি ফিরে যেতে চাই। যদি অন্য কোনো দায়িত্বের বিষয় থাকে, আমি বিবেচনা করব। আপাতত আমার কিছু বিশ্রাম দরকার।’
উপাচার্য বলেন, ‘আমি হঠাৎ করে কোনো শূন্যতা সৃষ্টি করছি না, পদত্যাগ করে চলে যাচ্ছি না। আমি একটা সুযোগ দিচ্ছি আমাদের রাজনৈতিক সরকারকে, আমাদের সহযোগিতা যা প্রয়োজন আমরা সেটা করব। তারা যদি ধারাবাহিকতা বজায় রাখেন, তারা তাদের মতো করে যেন প্রশাসন সাজিয়ে নিতে পারেন।’
উপাচার্য বলেন, ‘আমি মহামান্য আচার্যকে লিখব, এই ডেপুটেশন থেকে আমাকে অব্যাহতি দিন, আমার মূল পদ শিক্ষকতায় ফেরত যেতে চাই।’
Posted ৬:০৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh