বাংলাদেশ অনলাইন : | বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
আহসান এইচ মনসুর (বায়ে) ও মোস্তাকুর রহমান। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদে আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করা হয়েছে। তাঁর স্থলে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। ২৫ ফেব্রুয়ারি (বুধবার) অর্থ মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১০৭২ (প্রেসিডেন্স অর্ডার নম্বর ১২৭ অব ১৯৭২) এর ১০ (৫) অনুযায়ী মো. মোস্তাকুর রহমান এফসিএমএকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তার যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ প্রদান করা হলো।
এছাড়া, মো. মোস্তাকুর রহমান এফসিএমএ গভর্নর পদে নিয়োজিত থাকাকালীন সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত মোতাবেক বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক থেকে গ্রহণ করবেন। এ নিয়োগের অন্যান্য বিষয় চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। এর আগে, ড. আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করে পৃথক এক প্রজ্ঞাপন জারি করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা যায়, নতুন গভর্নর বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। মো. মোস্তাকুর রহমান একজন কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ)। তিনি তিন দশকেরও বেশি সময় ধরে এ সেক্টরে কাজ করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাবরক্ষণ বিভাগ থেকে বি.কম (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।
মোস্তাকুর রহমান বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ), রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশনস অব বাংলাদেশ (রিহ্যাব), অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অফ বাংলাদেশ (এটিএবি) এবং ঢাকা চেম্বার অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজসহ (ডিসিসিআই) বিভিন্ন পেশাদার ও শিল্প সংগঠনের কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর তৎকালীন গভর্নর আবদুর রউফ তালুকদার দায়িত্বে ছিলেন না। পরে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ১৪ আগস্ট আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয়া হয়।
Posted ৪:২২ অপরাহ্ণ | বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh