বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি : সংগৃহীত
এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। ২৩ মার্চ (সোমবার) গভীর রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার বাসা থেকে লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে পাঁচটি মামলা আছে। এসব মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে। তবে মামলাগুলোর বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাননি ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।
মাসুদ উদ্দিন চৌধুরী ২০০৭ সালে সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসির দায়িত্বে ছিলেন। তিনি এক-এগারোর পটপরিবর্তনে অন্যতম প্রধান ভূমিকায় ছিলেন। তখন তিনি গুরুতর অপরাধ দমনসংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক হন। পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন। এই কমিটির অধীনই তখন দুর্নীতিবিরোধী অভিযান পরিচালিত হয়।
২০০৮ সালে মাসুদ উদ্দিন অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার নিযুক্ত হন। এরপর আওয়ামী লীগ সরকার তিন দফায় তাঁর চাকরির মেয়াদ বৃদ্ধি করে। অবসর গ্রহণের পর তিনি ঢাকায় রেস্তোরাঁসহ একাধিক ব্যবসায় যুক্ত হন।
মাসুদ উদ্দিন চৌধুরী জাতীয় পার্টির (জাপা) মনোনয়নে দুই দফায় (২০১৮ ও ২০২৪) ফেনী-৩ আসনের (সোনাগাজী-দাগনভূঞা) সংসদ সদস্য ছিলেন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনে মাসুদ উদ্দিন চৌধুরী প্রথমে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ফরম কিনে জমা দিয়েছিলেন। পরে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন। দলটির নীতিনির্ধারণী পর্ষদ সভাপতিমণ্ডলীর সদস্যপদ পান। জাপার মনোনয়নে নির্বাচন করেন।
Posted ১০:৫৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh