বাংলাদেশ অনলাইন : | বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পূর্ণ ভীতিহীন, নিরপেক্ষ এবং উৎসবমুখর হবে বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের সভাকক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু করতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, রিটার্নিং কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, খুলনা অঞ্চলে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। এবারের নির্বাচনে সর্বোচ্চ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। নির্বাচনের আগে ও পরে সাত দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।
তিনি বলেন, নির্বাচনের আগে চার দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পর দুই দিন করে মোট সাত দিন আইনশৃঙ্খলা বাহিনী পূর্ণ শক্তিতে মাঠে থাকবে। ফলে নির্বাচনের পরও কোনো সহিংসতার সুযোগ নেই।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাঠ পর্যায়ে প্রায় ১ লাখের বেশি সেনাসদস্য মোতায়েন থাকবে। এ ছাড়া নৌবাহিনীর ৫ হাজার, কোস্টগার্ডের ৪ হাজার, বিজিবির ৩৭ হাজার, র্যাবের ৯ হাজার, পুলিশের প্রায় দেড় লাখ এবং আনসার বাহিনীর প্রায় ৫ লাখ সদস্য নিয়োজিত থাকবে বলে জানান তিনি।
খুলনা অঞ্চলের কিছু ভোটকেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা প্রসঙ্গে তিনি বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোয় সাধারণ কেন্দ্রের তুলনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বেশি থাকবে।
Posted ৫:২০ অপরাহ্ণ | বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh