বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

কোন দেশে সবচেয়ে বেশি ধনকুবের বাস?

বাংলাদেশ ডেস্ক :   |   বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

কোন দেশে সবচেয়ে বেশি ধনকুবের বাস?

চকলেট আর চিপসের দুনিয়ার রাজা ফেরেরো গ্রুপের নির্বাহী প্রধান জিওভান্নি ফেরেরো। ফাইল ছবি : এএফপি

বিশ্বে বর্তমানে শত কোটিপতির সংখ্যা ৩ হাজারের বেশি। অতীতের যেকোনো সময়ের চেয়ে তাঁদের সম্পদের পরিমাণও বেড়েছে। ২০২৫ সালের হিসাব অনুযায়ী, বিশ্বে শত কোটিপতিদের মোট সম্পদের পরিমাণ ১৬ দশমিক ১ ট্রিলিয়ন (১৬ লাখ ১০ হাজার কোটি) মার্কিন ডলারের বেশি। তবে ধনীদের সংখ্যা ও সম্পদের পরিমাণ বাড়লেও সম্পদের বণ্টন একেবারেই সুষম নয়। অর্ধেকের বেশি শত কোটিপতির বসবাস মাত্র তিন দেশে। ৭৮টি দেশ ও অঞ্চলে ২০২৫ সালে অন্তত একজন শত কোটিপতি ছিলেন। বিশ্বের কোন ১০ দেশে সবচেয়ে বেশি শত কোটিপতি বসবাস করেন, তা দেখে নেওয়া যাক।

যুক্তরাষ্ট্র : শত কোটিপতিদের প্রায় এক–তৃতীয়াংশ যুক্তরাষ্ট্রের নাগরিক। দেশটির নাগরিক ইলন মাস্ক বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী। জানুয়ারিতে প্রকাশিত ফোর্বসের হিসাব অনুযায়ী, তাঁর সম্পদের পরিমাণ ৮০০ বিলিয়ন বা ৮০ হাজার কোটি মার্কিন ডলার ছুঁইছুঁই। ইলন মাস্ক দ্রুত বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার বা লাখ কোটিপতি হতে চলেছেন। ২০২৫ সালের অক্টোবর মাসে ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে মাস্ক ৫০০ বিলিয়ন বা ৫০ হাজার কোটি ডলার সম্পদের মালিক হন। ফোর্বসের হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রে শত কোটিপতির সংখ্যা ৯০২ জন। তাঁদের মোট সম্পদ ৭ লাখ কোটি ডলার ছুঁইছুঁই। ২০২৩ সালে শত কোটিপতির সংখ্যা ছিল ৮১৩ জন। সম্পদের দিক দিয়ে তালিকায় ওপরের দিকে থাকা আরও তিন মার্কিন হলেন, মার্ক জাকারবার্গ, জেফ বেজোস ও ল্যারি এলিসন।

চীন : যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ চীন। ধনকুবেরের সংখ্যাতেও যুক্তরাষ্ট্রের পর চীনের অবস্থান। ২০২৫ সালে দেশটিতে শত কোটিপতির সংখ্যা ছিল ৪৭০ জন। তাঁদের মোট সম্পদ প্রায় ২ ট্রিলিয়ন (২ লাখ কোটি) ছুঁইছুঁই। ২০২৪ সালে চীনে শত কোটিপতির সংখ্যা ছিল ৪০৬ জন। তবে এর আগের বছর (২০২৩ সালে) ছিলেন ৪৯৫ জন। ২০২৪ সালে একটি আবাসন বাজারে ধস এবং শেয়ারবাজারে পতনের পর চীনের ধনীরা প্রায় ৪০০ বিলিয়ন (৪০ হাজার কোটি) ডলার সম্পদ হারান। বর্তমানে চীনের শীর্ষ ধনী প্রযুক্তি কোম্পানি বাইটড্যান্সের সহপ্রতিষ্ঠাতা ঝাং ইয়িমিং। গত বছরের মার্চে বোতলজাত পানির ব্যবসায়ী ঝং শানশানকে পেছনে ফেলে চীনের শীর্ষ ধনী হন তিনি। ঝাং ইয়িমিং এবং ঝাং শানশানের মধ্যে সম্পদের পার্থক্য খুব বেশি না হওয়ায় শেয়ারবাজারে সামান্য ওঠা–নামাতেই তাঁদের অবস্থান পরিবর্তন হয়ে যায়। ঝাং ইয়িমিংয়ের মোট সম্পদ ৬৫ দশমিক ৫ বিলিয়ন বা ৬ হাজার ৫৫০ কোটি ডলার।

ভারত : বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত সবচেয়ে বেশি শত কোটিপতির তালিকায় তিন নম্বরে রয়েছে। ফোর্বসের তালিকা অনুযায়ী দেশটিতে ২০২৫ সালে শত কোটিপতির সংখ্যা ছিল ২০৫ জন। আগের বছর এই সংখ্যা ছিল ২০০ জন। ফোর্বসের তথ্য অনুযায়ী, শত কোটিপতির সংখ্যা বৃদ্ধি পেলেও ২০২৪ সালের তুলনায় তাঁদের মোট সম্পদ কমেছে। ২০২৫ সালে ভারতীয় শত কোটিপতিদের মোট সম্পদের পরিমাণ ছিল ৯৪১ বিলিয়ন (৯৪ হাজার ১০০ কোটি) ডলার। আগের বছর ছিল ৯৫৪ বিলিয়ন (৯৫ হাজার ৪০০ কোটি)। ভারতীয় দুই শীর্ষ ধনী মুকেশ আম্বানি ও গৌতম আদানি। উভয়ের সম্পদ ২০ বিলিয়ন (২ হাজার কোটি) ডলারের বেশি কমে যাওয়া এমন পতনের কারণ। শেয়ারবাজারে তাঁদের নিয়ন্ত্রিত কোম্পানির দরপতন ঘটেছিল। বর্তমানে মুকেশ আম্বানির সম্পদের পরিমাণ ৯২ দশমিক ৫ বিলিয়ন বা ৯ হাজার ২৫০ কোটি ডলার।

জার্মানি : শত কোটিপতির তালিকায় চার নম্বরে জার্মানি। ইউরোপের দেশটিতে শত কোটিপতি আছেন ১৭১ জন। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ১৩২ জন। শত কোটিপতির সংখ্যায় বড় বৃদ্ধির সঙ্গে তাঁদের সম্পদও বেড়েছে। ২০২৫ সালে জার্মান শত কোটিপতিদের মোট সম্পদের পরিমাণ ছিল ৭৯৩ বিলিয়ন (৭৯ হাজার ৩০০ কোটি) মার্কিন ডলার। ২০২৪ সালের তুলনায় তাঁদের মোট সম্পদ প্রায় ১৫০ বিলিয়ন (১৫ হাজার কোটি) ডলার বেড়েছে। সুপারমার্কেট ব্যবসায়ী ডিটার শোয়ার্টস ৪১ বিলিয়ন (৪ হাজার ১০০ কোটি) ডলার সম্পদ নিয়ে জাহাজ পরিবহন খাতের ধনকুবের ক্লাউস মাইকেল কিউনেকে (৩৯.৬ বিলিয়ন) ছাপিয়ে এখন জার্মানির শীর্ষ ধনী।

রাশিয়া : রাশিয়ায় ২০২৫ সালে শত কোটিপতির সংখ্যা ছিল ১৪০ জন। দেশটি প্রায় চার বছর ধরে ইউক্রেনে যুদ্ধ করছে। এ যুদ্ধ বন্ধে বাধ্য করতে পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর নানা ধরনের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। এরপরও দেশটিতে ধনীর সংখ্যা বাড়ছে। ২০২৪ সালে রাশিয়ায় শত কোটিপতি ছিল ১২০ জন। গত বছর শত কোটিপতির সংখ্যা বৃদ্ধির পাশাপাশি ধনীদের সম্পদের পরিমাণও বেড়েছে। ২০২৫ সালে শত কোটিপতিদের মোট সম্পদ ছিল ৫৮০ বিলিয়ন (৫৮ হাজার কোটি) মার্কিন ডলার, আগের বছর ছিল ৫৩৭ বিলিয়ন (৫৩ হাজার ৭০০ কোটি) মার্কিন ডলার। রাশিয়ার শীর্ষ ধনী ব্যক্তি ভাগিত আলেকপেরোভ। তাঁর কোম্পানি লুকঅয়েল দেশটির দ্বিতীয় বৃহত্তম জ্বালানি কোম্পানি। তাঁর মোট সম্পদ ২৮ দশমিক ৭ বিলিয়ন বা ২ হাজার ৮৭০ কোটি মার্কিন ডলার।

কানাডা : কানাডায় শত কোটিপতির সংখ্যা ২০২৫ সালে ছিলেন ৭৬ জন এবং তাঁদের মোট সম্পদ ৩৫৯ বিলিয়ন (৩৫ হাজার ৯০০ কোটি) মার্কিন ডলার। ২০২৪ সালে শত কোটিপতি ছিলেন ৬৭ জন। সেই হিসাবে শত কোটিপতির সংখ্যা বেড়েছে। কানাডার শীর্ষ ধনী চাং–পেং ঝাও। তাঁর সম্পদের পরিমাণ প্রায় ৬৩ বিলিয়ন বা ৬ হাজার ৩০০ কোটি ডলার। তিনি বাইন্যান্স এবং ব্লকচেইন ডটকমের মতো ক্রিপ্টোকারেন্সি কোম্পানির সহ-প্রতিষ্ঠা।

ইতালি : শত কোটিপতির তালিকায় কানাডার পর আছে ইতালি। দেশটিতে ২০২৫ সালে শত কোটিপতি ছিলেন ৭৪ জন। তাঁদের মোট সম্পদের পরিমাণ ৩৩৯ বিলিয়ন (৩৩ হাজার ৯০০ কোটি) মার্কিন ডলার। ইতালির শীর্ষ ধনী জিওভান্নি ফেরেরো। তিনি বিশ্বখ্যাত চকলেট প্রস্তুতকারক কোম্পানি ফেরেরোর মালিক। তাঁর মোট সম্পদ ৩৮ দশমিক ২ বিলিয়ন বা ৩ হাজার ৮২০ কোটি মার্কিন ডলার।

হংকং : এশিয়ার অন্যতম প্রধান বাণিজ্য নগরী হংকং আলাদা কোনো দেশ নয়। এটি চীনের অধীন একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। ব্যবসা–বাণিজ্যের জন্য সুপরিচিত এই নগরীতে ৬৬ জন শত কোটিপতি বসবাস করেন। এই কোটিপতিদের মোট সম্পদের পরিমাণ ৩৩৫ বিলিয়ন (৩৩ হাজার ৫০০ কোটি) মার্কিন ডলার। শীর্ষ ধনী আবাসন খাতে আন্তর্জাতিক বিনিয়োগকারী লি কা–শিং। তাঁর মোট সম্পদের পরিমাণ ৩৯ বিলিয়ন বা ৩ হাজার ৯০০ কোটি ডলার।

ব্রাজিল : লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিলে শত কোটিপতির সংখ্যা সবচেয়ে বেশি। ২০২৫ সালে দেশটিতে ৫৬ জন শত কোটিপতি ছিলেন। তবে আগের বছরের তুলনায় এ সংখ্যা কমেছে। ২০২৪ সালে ৬৯ জন শত কোটিপতি ছিলেন ব্রাজিলে। বর্তমানে দেশটির শীর্ষ ধনী এদুয়ার্দো সাভেরিন। তাঁর সম্পদের পরিমাণ সাড়ে ৩৪ বিলিয়ন বা প্রায় ৩ হাজার ৪০০ কোটি ডলার।

যুক্তরাজ্য : যুক্তরাজ্যে ২০২৫ সালে শত কোটিপতির সংখ্যা ছিল ৫৫ জন। তাঁদের মোট সম্পদ ২৩৮ বিলিয়ন (২৩ হাজার ৮০০ কোটি) ডলার। শীর্ষ ধনী মাইকেল প্ল্যাট। তাঁর সম্পদ ১৯ বিলিয়ন (১ হাজার ৯০০ কোটি) ডলার ছুঁইছুঁই।

Posted ১১:১৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.