বাংলাদেশ অনলাইন : | সোমবার, ০২ মার্চ ২০২৬
ছবি : সংগৃহীত
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম আট মাসে প্রবাসী আয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। বাংলাদেশ ব্যাংক–এর তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দেশে মোট ২২ দশমিক ৪৫ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ২১ দশমিক ৪০ শতাংশ বেশি।
রবিবার (১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
তিনি বলেন, গত অর্থবছরের একই সময়ে দেশে এসেছিল ১ হাজার ৮৪৯ কোটি ডলার। সেই হিসাবে বছর ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৩৯৬ কোটি ৪০ লাখ ডলার।
সদ্যবিদায়ী ফেব্রুয়ারি মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩০২ কোটি ১০ লাখ বা ৩ দশমিক ০২ বিলিয়ন মার্কিন ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ২৫২ কোটি ৮০ লাখ ডলার।
অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।
এর আগে জানুয়ারি মাসে দেশে আসে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো এক মাসে তৃতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। ডিসেম্বর মাসে আসে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার। যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের সর্বোচ্চ মাসিক রেমিট্যান্স।
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরজুড়ে দেশে মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
Posted ৯:৪৬ পূর্বাহ্ণ | সোমবার, ০২ মার্চ ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh